দুর্ভোগ কমাতে সরকার তাৎক্ষণিক ও সমন্বিতভাবে কাজ করছে

নগরের দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণে বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৩ জুলাই, ২০২৬ at ৬:০৪ পূর্বাহ্ণ

দুর্যোগের এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত মানবিক নীতির আলোকে সরকারের সব প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা সমন্বিতভাবে কাজ করছে। কোনো ক্ষতিগ্রস্ত পরিবারকে অসহায় অবস্থায় ফেলে রাখা হবে না। প্রয়োজনীয় খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ এবং অন্যান্য সহায়তা অব্যাহত থাকবে। টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা ও জনদুর্ভোগের চিত্র সরেজমিনে পর্যবেক্ষণের লক্ষ্যে তিনি গতকাল রোববার দুপুরে নগরের ফইল্লাতলী বাজার সংলগ্ন মহেষ খাল, বারনীঘাট খাল, হালিশহর থানা রোড ও জেলেপাড়া রোড পরিদর্শনকালে এসব কথা বলেন। পরিদর্শন শেষে দক্ষিণ কাট্টলী ১১ নম্বর ওয়ার্ডের ফইল্লাতলী বাজার সংলগ্ন লাকী স্কয়ার কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এতে প্রধান বক্তা ছিলেন সংসদ সদস্য সাঈদ আল নোমান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন ও সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. শামছুল আলম।

এছাড়া টানা ভারী বর্ষণে পানিবন্দি চান্দগাঁও সিঅ্যান্ডবি ও মোহরা এলাকার দুর্গত পরিবারের মাঝে মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য এরশাদ উল্লাহ ও সাঈদ আল নোমানকে সাথে নিয়ে ত্রাণসামগ্রী বিতরণ করেন অনিন্দ্য ইসলাম অমিত।

দক্ষিণ কাট্টলীতে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে সরকার তাৎক্ষণিক ও সমন্বিতভাবে কাজ করছে। জলাবদ্ধতা নিরসনে খাল পুনরুদ্ধার, নিয়মিত খনন এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আরো কার্যকরভাবে কাজ করতে হবে। জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সকল দপ্তরের সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে আমরা এই সমস্যার সমাধান করব।

সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেন, দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব ও অঙ্গীকার। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের পাশে আমরা রয়েছি এবং ভবিষ্যতেও থাকব। জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য খাল দখলমুক্ত ও দূষণমুক্ত করা, নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট সকল সংস্থার সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। জনগণের নিরাপত্তা, স্বস্তি ও টেকসই নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।

অনুষ্ঠান শেষে অতিথিরা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন। এ সময় তারা জলাবদ্ধতা নিরসনে খাল সংস্কার, অবৈধ দখল উচ্ছেদ, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট সকল সংস্থার সমন্বিত ও কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

চান্দগাঁওয়ে প্রতিমন্ত্রী : চান্দগাঁও সিঅ্যান্ডবি ও মোহরা এলাকার দুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে পানিবন্দি মানুষের খোঁজখবর নেন এবং খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণ তাদের হাতে তুলে দেন অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় তিনি বলেন, দুর্যোগ পরবর্তী পুনর্বাসন, ক্ষয়ক্ষতি নিরূপণ এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে সর্বাত্মকভাবে কাজ করবেন। জনগণের যেকোনো দুর্যোগে জনপ্রতিনিধিরা সব সময় মানুষের পাশে রয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, দুর্যোগ মোকাবিলায় সিটি কর্পোরেশন মাঠপর্যায়ে নিরলসভাবে কাজ করছে। পানিবন্দি মানুষের জন্য খাদ্য, বিশুদ্ধ পানি ও অন্যান্য জরুরি সহায়তা নিশ্চিত করতে বিভিন্ন ওয়ার্ডে ত্রাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধকাস্টমসের দীর্ঘসূত্রতায় বাড়ছে ব্যবসা ব্যয়
পরবর্তী নিবন্ধসরকারি ৯ ব্যাংকে খেলাপি ঋণ এক লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা