আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে; সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক মাহবুবের রহমান শামীম। গতকাল বিকেলে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের এনেঙ হলরুমে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী ও বিভিন্ন মঠ–মন্দিরের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে রাঙামাটি জেলা বিএনপি।
এ সময় চট্টগ্রাম জেলা পরিষদ প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেন, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে সনাতন ধর্মাবলম্বীদের অনেকে ধানের শীষের পক্ষে ভোট দিয়েছেন এবং বিএনপির নেতা–কর্মীদের সহযোগিতা করেছেন। তাদের সঙ্গে গড়ে ওঠা ঐক্য ও সমপ্রীতি দীর্ঘদিন ধরে ধরে রাখতে হবে। ধর্ম–বর্ণ নির্বিশেষে সবাইকে দেশের উন্নয়নে একসঙ্গে কাজ করতে হবে।
সভায় রাঙামাটি জেলা বিএনপির সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মামুনুর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন– কেন্দ্রীয় বিএনপির সহ–সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ, জেলা জেলা বিএনপির সহ–সভাপতি সাইফুল ইসলাম পনির, জেলা পরিষদ সদস্য নন্দিতা দাশ। এছাড়া স্বপন মহাজন, দয়াল দাশ, সুব্রত দে, সান্টু চৌধুরী, নন্দন দেবনাথ, আশীষ চৌধুরী, অমিত দাশ, রাজু শীল, রাজন রক্ষিত ও সুজন নন্দীসহ বিএনপি ও সনাতনী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।












