দিনভর মেঘলা আকাশ, বিকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৪ মার্চ, ২০২৬ at ৯:৪৮ পূর্বাহ্ণ

খনার বচন আছেযদি বর্ষে ফাল্গুনে, চিনা কাউন দ্বিগুণে। অর্থাৎ চিনা ও কাউন ধান ফাল্গুন মাসে বৃষ্টি হলে দ্বিগুণ হয়ে থাকে। প্রকৃতিতে গতকাল ছিল ২৮ ফাল্গুন। দিনভর আকাশ মেঘলা ছিল। তবে বিকেলের দিকে কয়েক দফায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। এ সময় পথচারীরা ভোগান্তিতে পড়েন।

কৃষিবিদরা বলছেন, এই সময়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি রবি শস্যের জন্য আশীর্বাদ স্বরূপ। এছাড়া আমের মুকুলের জন্য ভালো। তবে ভারি বৃষ্টিপাত হলে এতে ফসলের কিছুটা সমস্যা হতে পারে।

গৃহিনী জান্নাতুল ফেরদৌস জানান, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের কারণে বিকেলেই জিইসি মোড়ে অনেকক্ষণ আটকা পড়েছিলাম। এসময় রিকশাওয়ালারাও দ্বিগুণ ভাড়া দাবি করেছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, এই মাসের শেষ দিকে কালবৈশাখীর মৌসুম শুরু হবে। ইতোমধ্যে দক্ষিণ দিক থেকে বাতাস প্রবাহিত হতে শুরু করেছে। চট্টগ্রামের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে বজ্রসহ হালকা বৃষ্টি হতে পারে। আকাশে মেঘ আছে। আজ (গতকাল) রাতেও নগরীতে বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী কয়েকদিন আবহাওয়া এরকম থাকবে। একদিন বৃষ্টি হলে পরের কয়েকদিন রোদ থাকবে।

পূর্ববর্তী নিবন্ধজেবেল আলী বন্দর ছেড়েছে ‘বাংলার জয়যাত্রা’, আমিরাতে আটকা
পরবর্তী নিবন্ধসদকাতুল ফিতর : রোজার ভুলত্রুটির কাফফারা হিসেবে প্রদান করতে হবে