সুদূর দক্ষিণ আফ্রিকার মাটিতে নিভে গেল মীরসরাইয়ের দুই ভাইয়ের স্বপ্ন ও জীবনপ্রদীপ। এক দশক আগে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ছোট ভাই আবু সায়েম চৌধুরী। ঠিক একই কায়দায় এবার প্রাণ হারালেন বড় ভাই টিপু চৌধুরী। দীর্ঘ প্রায় ৩০ বছরের প্রবাসজীবনের ইতি ঘটল এক মর্মান্তিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। গত শুক্রবার জুমার নামাজ শেষে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন টিপু চৌধুরী। প্রত্যক্ষদর্শী ও প্রবাসীদের বরাতে জানা গেছে, বিকেলে অজ্ঞাতনামা একদল সন্ত্রাসী তার সুপারশপে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত টিপু চৌধুরী মীরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর সরকারহাট এলাকার সরকার বাড়ির মৃত আবু তাহের চৌধুরীর ছেলে। জীবিকার তাগিদে প্রায় তিন দশক আগে তিনি দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। সেখানে তিনি বিয়ে করে স্ত্রীসহ দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন। নিহতের চাচাতো ভাই গোলাম রহিম চৌধুরী জানান, টিপু চৌধুরীর ছোট ভাই আবু সায়েম চৌধুরীও প্রায় ১০ বছর আগে দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। দুই ভাইয়ের এমন নিষ্ঠুর ও অকাল মৃত্যুতে পরিবারসহ নিজামপুর এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পরিবারের সদস্যরা জানান, টিপু চৌধুরী প্রবাসী মহলে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ পরিচিত ছিলেন। তিনি প্রায়ই সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে ফেসবুক লাইভে মতামত প্রকাশ করতেন। মর্মান্তিক এই ঘটনার কিছুক্ষণ আগেই জুমার নামাজ থেকে ফেরার পথে সন্তানকে সঙ্গে নিয়ে তিনি ফেসবুকে শেষবারের মতো লাইভে আসেন।
দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ও স্বজনদের বরাতে জানা গেছে, বর্তমানে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।











