মীরসরাইয়ে মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার পথে মায়ের গতিরোধ করার ঘটনায় জড়িত থাকায় তিন ছাত্রলীগ নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত সোমবার রাতে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা নিজের ফেসবুক আইডিতে ছাত্রলীগের দলীয় প্যাডে নিজের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।
অব্যাহতি পাওয়া তিন ছাত্রলীগ নেতা হলেন, মঘাদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের গজারিয়া এলাকার মুরাদ আলী মিয়া বাড়ির ওসমান গণির ছেলে ও মঘাদিয়া ইউনিয়ন ছাত্রলীগে সহ–সম্পাদক সাজ্জাদ হোসেন সাগর (২১), মহসিন আলী মেম্বার বাড়ির মো. দুধু মিয়ার ছেলে ইউনিয়ন ছাত্রলীগের গণ–শিক্ষা বিষয়ক সম্পাদক মো. শামছুদ্দিন প্রকাশ সালমান হোসেন (২০), নসরত আলী হাজি বাড়ির নজরুল ইসলামের ছেলে ও ২ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিফাত হোসেন (২০)।
এ বিষয়ে মীরসরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা জানান, উপজেলা ছাত্রলীগের এক সাংগঠনিক সীদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঘাদিয়া ইউনিয়নের তিন ছাত্রলীগ নেতাকে তাদের স্ব স্ব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জানা গেছে, চলতি বছরের ১২ মে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে সাধুরবাজার এলাকায় সবুজ (২১) ও শুভ (১৯) নামের দুজন মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে শিক্ষার্থীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে বখাটেরা গাড়ি নিয়ে পালিয়ে যায়। তখন সহপাঠিরা ওই শিক্ষার্থীকে বাড়ি নিয়ে যায়। ঘটনার দিন বিকালে মীরসরাই থানায় একটি লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ছাত্রীর বাবা। বখাটেদের ভয়ে দীর্ঘ ৪ মাস স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল মেয়ে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসন বাড়িতে গিয়ে মেয়েকে আশ্বস্ত করে আবার স্কুলে যাওয়ার জন্য।
ছাত্রীর বাবা বলেন, প্রশাসনের সহায়তায় আমার স্ত্রী গত রবিবার সকালে মেয়েকে নিয়ে স্কুলে যায়। মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার পথে সকাল সাড়ে ১১টায় মঘাদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাধুর বাজার পুরাতন সিএনজি স্ট্যান্ডে মামলার ১নং ও ৫নং আসামিসহ অজ্ঞাত ৪/৫ জন পূর্বপরিকল্পিত ভাবে আমার স্ত্রীর গতিরোধ করে মামলা তুলে নেওয়ার জন্য ভয়ভীতি দেখায় ও প্রাণনাশের হুমকি দেয়। ওই ঘটনায় স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে তিন ছাত্রলীগ নেতাসহ ৫ জনকে আসামি করে মীরসরাই থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে মীরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, মামলা দায়ের পর গত রবিবার ৪ বখাটেকে আবার গ্রেপ্তার করা হয়েছে। সোমবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়।












