মীরসরাইয়ে তসবির দানা গলায় আটকে তালহা বিন শহীদ ভূঁইয়া নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে মৃত ঘোষণা করা হয়।
নিহত তালহা উপজেলার ইছাখালী ইউনিয়নের উত্তর ভূঁইয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তার বাবা চট্টগ্রামে ব্যবসা করেন এবং মা স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ ঘরে খেলার সময় অসাবধানতাবশত একটি ছেঁড়া তসবির দানা তালহার গলায় আটকে যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শুক্রবার সকালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এরশাদ উল্লাহ বলেন, গলায় তসবির দানা আটকে শিশুটির শ্বাসনালি বন্ধ হয়ে গিয়েছিল। হাসপাতালে আনার আগেই ভোরে তার মৃত্যু হয়।
শিশুটির চাচা মোরশেদ ভূঁইয়া জানান, গতকাল বাদ জুমা পারিবারিক কবরস্থানে তালহার দাফন সম্পন্ন হয়েছে।












