ঢাকার সঙ্গে আরো জোরদার সম্পর্ক দেখতে চায় দিল্লি : জয়সওয়াল

| শনিবার , ২১ ফেব্রুয়ারি, ২০২৬ at ৪:৪৭ পূর্বাহ্ণ

ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরো জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। গতকাল শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আপনারা জানেন, বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। লোকসভার স্পিকার ওম বিড়লা ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেন। তিনি নরেন্দ্র মোদীর একটি চিঠি তারেক রহমানের কাছে হস্তান্তর করেন। খবর বিডিনিউজের।

জয়সওয়াল বলেন, চিঠিতে একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করার প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। দুই দেশের উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্কের উপর দাঁড়িয়ে ভারত বাংলাদেশের সঙ্গে বহুমাত্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে।

ব্রিফিংয়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার ভিসা কার্যক্রম নিয়েও কথা বলেন জয়সওয়াল। তিনি বলেন, এসব বিষয় নিয়ে পর্যায়ক্রমে বাংলাদেশ সরকারের সঙ্গে নয়াদিল্লির আলোচনা হবে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের মধ্য দিয়ে ঢাকা ও নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কে দূরত্ব তৈরি হয়। বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর গতি পায় দুই দেশের ভিসা কার্যক্রমও। গতকাল থেকে দিল্লিতে ভারতীয়দের ভিসা দেওয়া শুরু করেছে বাংলাদেশ হাই কমিশন।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় জামায়াত কর্মীকে ছুরিকাঘাত, চমেক হাসপাতালে প্রেরণ
পরবর্তী নিবন্ধদিল্লিতে ভারতীয়দের ভিসা দেওয়া শুরু করল বাংলাদেশ