ডোর টু ডোর বর্জ্য সংগ্রহে তৃতীয় পক্ষকে টাকা না দেয়ার নির্দেশ মেয়রের

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১০ এপ্রিল, ২০২৬ at ৭:২৯ পূর্বাহ্ণ

নগরীর বাসাবাড়ি থেকে ডোরটুডোর বর্জ্য সংগ্রহে বেসরকারি ভেন্ডরদের কার্যক্রম গত মার্চ মাস থেকে মেয়রের নির্দেশে বন্ধ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। মেয়রের সিদ্ধান্ত অনুযায়ী, চসিকের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচ্ছন্ন বিভাগের কর্মীরা সরাসরি বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করছেন। ফলে এপ্রিল মাস থেকে নগরবাসীকে বাসার ময়লা সংগ্রহের জন্য কোনো ভেন্ডর বা তৃতীয় পক্ষকে টাকা প্রদানের প্রয়োজন নেই বলে জানিয়ে দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। গতকাল চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিন এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশক্রমে গত মার্চ মাস থেকে নগরের বাসাবাড়িতে ডোরটুডোর বর্জ্য সংগ্রহে বেসরকারি ভেন্ডরদের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। কিন্তু সমপ্রতি অভিযোগ পাওয়া যাচ্ছে, কিছু অসাধু ব্যক্তি এখনো নিজেদের ভেন্ডর পরিচয় দিয়ে বাসাবাড়ি থেকে টাকা আদায়ের চেষ্টা করছে। এ কাজটি সম্পূর্ণ অবৈধ; এ বিষয়ে নগরবাসীকে সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে চসিক কর্তৃপক্ষ।

যদি কেউ জোরপূর্বক বা প্রতারণার মাধ্যমে টাকা আদায়ের চেষ্টা করে, তাহলে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে উক্ত বিষয়ে অবহিত করতে অনুরোধ জানানো হল। এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ক্লিন, গ্রিন, হেলদি, সেফ, স্মার্ট সিটি গড়তে যত্রতত্র ময়লা ফেলা থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ জানিয়েছে চসিক।

এছাড়া, চসিকের উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মাকে (মোবাইল নং০১৮১১৮০৩৬৬৬) অথবা মেয়রের একান্ত সহকারী, মারুফুল হক চৌধুরী (মারুফ)-কে (মোবাইল নং-+৮৮০ ১৮৯৪৮৮৩০২০, +৮৮০ ১৮১৯৯৫৮৮৬০, +৮৮০ ১৭৪৩৯০১৪৮০০) মুঠোফোনে এ সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য অনুরোধ করা হল। এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ক্লিন, গ্রিন, হেলদি, সেফ, স্মার্ট সিটি গড়তে যত্রতত্র ময়লা ফেলা থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ জানানো হল।

পূর্ববর্তী নিবন্ধবটি হাতে মাকে মারধর, ভিডিও গেমে আসক্ত ছেলে পুলিশ হেফাজতে
পরবর্তী নিবন্ধস্ত্রীর সাথে ঝগড়া, শিশুপুত্রকে দেয়ালে ছুঁড়ে মেরে হত্যা!