সীতাকুণ্ড পৌরসভা এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে চালকসহ দুইজন গুরুতর আহত হয়েছেন। হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, তাদের অবস্থা আশঙ্কাজনক। গতকাল সোমবার বিকেলে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের নুনাছড়া এলাকার ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে। বিষয়টি কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ মো. নুরুল আফসার নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকামুখী একটি দ্রুতগামী প্রাইভেটকার সীতাকুণ্ড পৌরসদরের নুনাছড়া এলাকা অতিক্রম করছিল। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ সড়কের ডিভাইডারের ওপর উঠে যায় এবং একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে–মুচড়ে যায়। এ সময় ফটিকছড়ি উপজেলার বাসিন্দা মো. আলাউদ্দিনের ছেলে চালক সাহাবুদ্দীন এবং নুরুল ইসলামের ছেলে যাত্রী শওকত আজম গুরুতর আহত হন। তবে যাত্রী শওকত আজমের গ্রামের ঠিকানা পাওয়া যায়নি।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুজনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ মো. নুরুল আফসার বলেন, গাড়িচালক ও যাত্রীর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে কুমিরা হাইওয়ে থানার এসআই মো. জিয়া উদ্দিন দ্রুত সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি হেফাজতে নেন এবং আহতদের চিকিৎসার খোঁজখবর নেন। তিনি বলেন, এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।












