বোয়ালখালীতে অভিনব পদ্ধতিতে ডাকাতির ঘটনা ঘটেছে। প্রথমে ছোট গ্রিল কেটে ভেতরে ঢোকানো হয় এক শিশুকে। পরে ডাকাতদলের সাথে থাকা শিশুটি দরজা খুলে দিলে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে করা হয় ডাকাতি। বোয়ালখালীতে একই কায়দায় তিন বসতঘরে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। গত রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কড়লডেঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আব্দুস সাত্তারের বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাত দল ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের হাত ও চোখ বেঁধে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল সেট এবং একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
পরিবারের সদস্য সাদিয়া আফরোজ বলেন, রাত ৩টার দিকে ৬–৭ জনের একটি দল অস্ত্র দেখিয়ে তাদের জিম্মি করে ফেলে। এ সময় তার স্বামী শরিফুল ইসলামসহ পরিবারের সদস্যদের হাত ও চোখ বেঁধে মারধর করে। স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে গেছে।
অটোরিকশাচালক নুরুল আবছার বলেন, রান্নাঘরের জানালার গ্রিল কেটে এক বাচ্চাকে প্রবেশ করিয়ে ডাকাত দল দরজা খোলায়। এরপর তার গলায় ছুরি ধরে হাত বেঁধে ফেলে। তার ঘরের সদস্যদের নিয়ে একটি কক্ষে আটকে রাখে। ঘর তছনছ করে নগদ টাকা এবং তার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে গেছে। পরিবারগুলো একই ভবনে ভাড়া বাসায় থাকেন।
বোয়ালখালী থানার ওসি মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। কাটার দিয়ে গ্রিল কেটে এক শিশুকে ভেতরে ঢুকিয়ে ঘটনাটি ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।










