টোকেন বাণিজ্য বরদাশত করা হবে না : টিআই আবু সাঈদ বাকের

কর্ণফুলী প্রতিনিধি | শনিবার , ১১ জুলাই, ২০২৬ at ১১:২০ পূর্বাহ্ণ

কর্ণফুলীর মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের ইনচার্জ টিআই আবু সাঈদ বাকের বলেছেন, কোনো ধরনের যানবাহন থেকে টোকেন বাণিজ্যের কোনো অভিযোগ বরদাশত করা হবে না।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ হুশিয়ারী দেন।

তিনি বলেন, কর্ণফুলীকে নিরাপদ ও যানজটমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে ট্রাফিক বিভাগকে সহযোগিতার পাশাপাশি যারা টোকেন বানিজ্য করে তাদের পুলিশের হাতে তুলে দিন। তাদের বিরুদ্ধে আইনানুগভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, বিভিন্ন সময়ে একাধিক স্বার্থান্বেষী চক্র কর্ণফুলী এলাকায় টোকেন বাণিজ্য চালুর চেষ্টা করলেও নিয়মিত অভিযান এবং আইনানুগ পদক্ষেপের কারণে এসব কার্যক্রম স্থায়ীভাবে গড়ে উঠতে পারেনি। ফলে অবৈধ অর্থ আদায়ের সঙ্গে জড়িত চক্রগুলো বারবার ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, প্রধান সড়ক ও অলিগলিতে অবৈধ সিএনজি ও ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। মাঠপর্যায়ে নিয়মিত মনিটরিং ও অভিযান পরিচালনার জন্য পুলিশের টিম সক্রিয় রয়েছে।

এদিকে অবৈধ টোকেন বাণিজ্য বন্ধে ট্রাফিক পুলিশের কঠোর অবস্থান ইতিবাচক ভূমিকা রেখেছে বলে দাবি করেছেন স্থানীয় সিএনজি চালক, এলাকাবাসী ও সচেতন মহলের একাংশ।

পূর্ববর্তী নিবন্ধমিশরে ছাদখোলা বাসে সংবর্ধনা সালাহদের
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে ইন্টার -সেমিস্টার ফুটবল টুর্নামেন্ট