নগরের টেরীবাজারে একটি কাপড়ের দোকানে অভিযান চালিয়েছে কোস্ট গার্ড। এ সময় ওই দোকানে আমদানি করা ভারতীয় কাপড়ের নথিপত্র যাচাই করেন কোস্ট গার্ডের সদস্যরা। শুল্ক ফাঁকির অভিযোগে ওই দোকানের কাপড় নিয়ে যেতে চাইলে ব্যবসায়ী নেতৃবৃন্দ আপত্তি জানান। তারা কাস্টমসের মাধ্যমে নথি যাচাই করার অনুরোধ জানিয়ে বলেন, তখন অনিয়ম পেলে ব্যবস্থা নিতে। এরপর চলে যান কোস্ট গার্ডের সদস্যরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে টেরীবাজারের কেবি আমান আলী মার্কেটে এ ঘটনা ঘটে।
এদিকে কোস্ট গার্ডের অভিযানের খবর পেয়ে মার্কেটের বাইরে টেরীবাজারের বিভিন্ন দোকানের শতাধিক ব্যবসায়ী ও কর্মচারী জড়ো হন। এ সময় তারা বিক্ষোভ করেন।
টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মান্নান আজাদীকে বলেন, বধুয়া ফ্যাশন নামে একটি দোকানে কিছু কাপড় আসে আজকে। সন্ধ্যায় কোস্ট গার্ড এসে এগুলো অবৈধ দাবি করে। তখন দোকান মালিক কাগজপত্র দেখান। এরপর কোস্ট গার্ড কাপড় নিয়ে যেতে চায়। তখন আমরা বলি, রাজস্ব না দেওয়ার বিষয় থাকলে কাস্টমসসহ এখানে এসে চেক করুক। আমরা সহযোগিতা করব। তখন কোনো অনিয়ম পেলে ব্যবস্থা নেবে। এরপর কোস্ট গার্ডের সদস্যরা চলে যান।














