টেরিবাজারের কে বি অর্কিড প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ জনের মৃত্যু

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৬ মার্চ, ২০২৬ at ৫:৫১ পূর্বাহ্ণ

নগরীর টেরিবাজারের কে বি অর্কিড প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ জনের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে বক্সির বিট এলাকার ভবনটির ৪র্থ তলার একটি দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেমে পড়ে। একপর্যায়ে সেখান থেকে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া তিনজনকে উদ্ধার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্য থেকে ২ জনকে মৃত ঘোষণা করেন। তারা হলেনমোহাম্মদ ইউনূস ও মুনতাসির সোলায়মান। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক এ তথ্য নিশ্চিত করেন।

ভিকটিমদের মধ্যে মুনতাসির সোলায়মান কে বি অর্কিড প্লাজার নিচ তলার মিলানো সুজ নামের একটি দোকানে চাকরি করতেন। আর ইউনূস ছিলেন পাকিজা টেইলারিং নামের একটি প্রতিষ্ঠানের কারখানার দর্জি। ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. জসিম উদ্দীন জানান, আগুনে ভবনটির চতুর্থ তলায় ওয়েস্টার্ন টেইলার্সসহ মোট সাতটি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। পঞ্চম তলায় কোনো প্রতিষ্ঠানে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধ২০২৭ সাল থেকে এসএসসির বিষয় কমানোর চিন্তা
পরবর্তী নিবন্ধওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা