রাঙ্গুনিয়ায় সিএনজি টেক্সি থেকে ছিটকে পড়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত ৮টার দিকে পদুয়া নুরুচ্ছাফা বিদ্যা নিকেতনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মো. নুরুল কবির (৪০)। তিনি উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং বাঁশখালী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, নুরুল কবির পদুয়া রাজারহাট থেকে বাজার করে সিএনজি টেক্সিটির সামনের সিটে বসে নিজ গন্তব্যে ফিরছিলেন। গাড়িটি নুরুচ্ছাফা বিদ্যা নিকেতনের সামনের মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারায়। এ সময় ওই শিক্ষক গাড়ি থেকে ছিটকে পড়ে সড়কের পাশে থাকা একটি আম গাছে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, সড়ক দুর্ঘটনায় এক শিক্ষকের মৃত্যুর খবর পেয়েছি। তবে এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি।
তার এমন মৃত্যুতে শিক্ষক–মহল, ছাত্রছাত্রী ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বাঁশখালীর স্থানীয় বাসিন্দা সুলতানুল আজিজ নামে একজন জানান, নিহত শিক্ষক নুরুল কবির বাশঁখালী ১১ নং পুইছড়ি ইউনিয়নের স্থানীয় মুহাম্মদ নন্ন্যা মিয়ার পুত্র। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
এদিকে গোডাউন–রাজারহাট সড়কটি প্রশস্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সরু সড়কটিতে প্রায়শই যানজটসহ নিয়মিত দুর্ঘটনা ঘটছে জানিয়েছেন তারা। স্থানীয় বাসিন্দা মো. শওকত বলেন, গোডাউন থেকে সুখবিলাশ–দশমাইল বাজার পর্যন্ত রাস্তাটা প্রশস্ত করার প্রয়োজন অনেক বছর আগে থেকে। রাস্তাটি প্রশস্ত করলে যাতায়াতকারীদের দুর্ভোগ কমবে।











