টেকনাফে ৫ কোটি টাকার আইসসহ আটক ১

| সোমবার , ২৯ নভেম্বর, ২০২১ at ৮:২০ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে এক কেজি পরিমাণ আইসসহ (ক্রিস্টাল মেথ) মোহাম্মদ রফিক মিয়া (৩৭) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার বিকেলে বিজিবির পক্ষ থেকে এ অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে গত শনিবার দিনগত রাতে উপজেলার হ্নীলার দমদমিয়া জালিয়ার দ্বীপ এলাকা থেকে মাদকের চালানসহ ওই যুবককে আটক করা হয়। রফিক উপজেলার হ্নীলা ইউনিয়নের নোয়াপাড়া জেলেপাড়ার বাসিন্দা। খবর বাংলানিউজের। বিজিবি সূত্রে জানায়, মাদকদ্রব্য পাচারের খবর পেয়ে টেকনাফের দমদমিয়া সীমান্ত ফাঁড়ির বিজিবির একটি টহল দল অভিযানে যায়। দলটি স্পিডবোটে নাফ নদীতে অবস্থান নেয়। এ সময় ডিঙি নৌকায় মাদকদ্রব্য নিয়ে মাদককারবারিরা নাফ নদীর শূন্যরেখা অতিক্রম করছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে একজন বাদে সবাই পালিয়ে যান। পরে ওই নৌকা থেকে এক মাদককারবারিকে আটক করা হয়। এ সময় নৌকায় তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর থেকে পাঁচ কোটি টাকা মূল্যের এক কেজি আইস উদ্ধার করা হয়।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, আইসসহ আটক যুবককে টেকনাফ থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযুক্তের নামে মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহাতির হামলায় হাতি হত্যা মামলার আসামির মৃত্যু
পরবর্তী নিবন্ধরোকসানা আক্তার হীরার মৃত্যুবার্ষিকী আজ