টিসিবির রমজান মাসের পণ্য বিক্রি শুরু ১৭ ফেব্রুয়ারি

পণ্যে রয়েছে ছোলা খেজুর চিনি চাল ডাল ও তেল ৬ মাস পর ট্রাকসেলে পণ্য পাবেন সাধারণ মানুষ

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:১০ পূর্বাহ্ণ

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)র রমজান মাসের পণ্য বিক্রি শুরু হচ্ছে আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে। একই দিন স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি উন্মুক্ত পদ্ধতির ট্রাকসেলও শুরু করতে যাচ্ছে টিসিবি। আসন্ন রমজানকে সামনে রেখে টিসিবিনিয়মিত পণ্য তালিকার সাথে যুক্ত করেছে ছোলা, খেজুরও। ছোলা ও খেজুরের পাশাপাশি চিনি, তেল, চাল এবং ডাল থাকছে প্যাকেজের মধ্যে। টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের জন্য এই ৬ আইটেমের পণ্যের দাম রাখা হয়েছে ৭৬০ টাকা (প্যাকেজ মূল্য)। এদিকে দীর্ঘ ৬ মাস ধরে টিসিবির ‘ট্রাকসেল’ বন্ধ থাকার পর আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে নগরীর ২০ পয়েন্টে ট্রাকসেল চালু করতে যাচ্ছে। সর্বশেষ চট্টগ্রাম মহানগীতে ‘ট্রাকসেল’ এ পণ্য বিক্রি করা হয়েছিল গত বছরের আগস্ট মসে।

আসন্ন রমজানকে সামনে রেখে নগরীতে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি যাদের কার্ড নেই তাদের জন্য ‘ট্রাকসেল’ চালু করা হচ্ছে বলে জানান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর চট্টগ্রাম অফিস প্রধান শফিকুল ইসলাম। তিনি জানান, ট্রাকসেলেও ছোলা খেজুর, চিনি, তেল, চাল এবং ডাল পাওয়া যাবে। তবে ট্রাকসেলের দাম এখনো নির্ধারিত হয়নি। ট্রাকসেল শুধুমাত্র নগরীতে চলবে বলে জানান তিনি। টিসিবির চট্টগ্রাম অফিস প্রধান শফিকুল ইসলাম বলেন, টিসিবির একজন স্মার্ট ফ্যামিলি কার্ডধারী ৬০ টাকা মূল্যে ১ কেজি ছোলা, ১৬০ টাকা মূল্যে ১ কেজি খেজুর, ৭০ টাকা মূল্যে ১ কেজি চিনি, ৬০ টাকা মূল্যে ২ কেজি (২ কেজি ১২০ টাকা) মসুর ডাল, ১০০ টাকা মূল্যে ২ লিটার সয়াবিন (২ লিটার ২০০ টাকা) তেল, ৩০ টাকা দামে ৫ কেজি চাল (৫ কেজি ১৫০ টাকা) পাবেন। নগরীতে এখন পর্যন্ত মাত্র ৮৫ হাজার পরিবার টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড পেয়েছেন।

নগরীর যে সব মানুষ টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড পাননিতাদের জন্য সরকার মাঝে মাঝে ট্রাকসেল চালু করলেও গত আগস্ট মাস থেকে প্রায় ৬ মাসের বেশি সময় ধরে নগরীতে ট্রাকসেল বন্ধ রয়েছে। ‘ট্রাকসেল’ বন্ধ থাকার ফলে বিপাকে পড়েছেন নগরীর নিম্নআয়ের সাধারণ মানুষজন।

টিসিবি চট্টগ্রাম অফিস থেকে জানা গেছে, নগরীর ২০টি পয়েন্টে ২০টি ট্রাকের মাধ্যমে সাধারণ মানুষের জন্য ন্যায্যমূল্যের পণ্য বিক্রি (‘ট্রাকসেল’) করা হবে। ট্র্রাকসেল থেকে নগরীর গরীবঅসহায় লোকজন ট্রাকের সামনে লাইনে দাঁড়িয়ে সরকারের ন্যায্যমূল্যের এসব নিত্যপণ্য নিতে পারবেন। রমজানকে সামনে রেখে টিসিবির ট্রাকসেল শুরু হলে সাধারণ মানুষ উপকৃত হবে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে ৫০ দিন জিম্মি থাকা কিশোর উদ্ধার, ৪ পাচারকারী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধনির্বাচিতরা দুটি শপথ নেবেন : আলী রীয়াজ