আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে আজ শুক্রবার পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি সমপ্রচার করবে টি–স্পোর্টস ও নাগরিক টিভি।
চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এখনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ। বছরের শুরুতে শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচের সিরিজ ১–০ ব্যবধানে হারে টাইগাররা। তাই পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া দলটি।
গত চক্রে ১২ টেস্টে চার জয় নিয়ে পয়েন্ট তালিকার সপ্তম স্থানে ছিল বাংলাদেশ। এর মধ্যে তিনটি জয় আসে বিদেশের মাটিতে। ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ২–০ ব্যবধানে ঐতিহাসিক সিরিজ জয়ও ছিল সেই সাফল্যের অংশ। ওই সিরিজের আগে পাকিস্তানের বিপক্ষে ১২ হার ও এক ড্রয়ের পর প্রথম টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। বিদেশের মাটিতে সাফল্য পেলেও ঘরের মাঠে বাংলাদেশের পারফরম্যান্স আশানুরূপ নয়। সর্বশেষ ছয় টেস্টে মাত্র একটিতে জিতেছে টাইগাররা। প্রথম টেস্টকে সামনে রেখে গতকাল সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, আমরা যদি ৪০০ বা তার কাছাকাছি রান করতে পারি, সেটি দলের জন্য খুব ভালো হবে। সবাই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পারে না। আমি চাই না কেউ তার স্বাভাবিক খেলার ধরন বদলাক। গুরুত্বপূর্ণ বিষয় হলো রান করা।
বাংলাদেশের পেস আক্রমণের প্রশংসাও করেন শান্ত। তিনি বলেন, গত মৌসুমে বিদেশের মাটিতে পেসারদের পারফরম্যান্স অসাধারণ ছিল। তবে ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাব ছিল। পরিস্থিতি যেমনই হোক, ব্যাটারদের দায়িত্ব নিয়ে খেলতে হবে।
এদিকে বাংলাদেশকে সমীহ করছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। তিনি বলেন, পেস বোলিং ইউনিট হিসেবে বাংলাদেশ অনেক উন্নতি করেছে। দুই দলেরই শক্তিশালী বোলিং আক্রমণ আছে। আমরা ধাপে ধাপে এগোতে চাই এবং এই সিরিজে ভালো ক্রিকেট খেলতে চাই।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি চক্রে দুই ম্যাচের সিরিজ ১–১ সমতায় শেষ করেছে পাকিস্তান। মাসুদ বলেন, সব দলের ফাইনালে খেলা এবং শিরোপা জয়ের স্বপ্ন থাকে। কিন্তু এই মুহূর্তে আমাদের মনোযোগ বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে। সামনের চ্যালেঞ্জ ভালোভাবে সামলানো এবং সাফল্য পাওয়া।













