পরিবেশবান্ধব ও জ্বালানি সাশ্রয়ী পরিবহনে জনসচেতনতা সৃষ্টি এবং সন্ত্রাস–মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য সাইকেল শোভাযাত্রা। গত শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘শান্তির পথে সাইকেল শোভাযাত্রা–২০২৬’ শীর্ষক এই ব্যতিক্রমী কর্মসূচিতে অংশ নেন প্রশাসন, বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষার্থীসহ নানা শ্রেণি–পেশার মানুষ।
এদিন সকাল ৭টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। অংশগ্রহণকারীরা একই রঙের টি–শার্ট ও ক্যাপ পরে একযোগে সাইকেল চালিয়ে যাত্রা করেন। বহরটি কাপ্তাই প্রধান সড়ক হয়ে ইছাখালী, গোডাউন কর্ণফূলী ব্রিজ ও ক্ষেত্রবাজার অতিক্রম করে। এরপর সরফভাটার মীরেরখীল এবং দীর্ঘ আঁকাবাঁকা মেঠোপথে প্রায় ১৫ কিলোমিটার পাড়ি দিয়ে বড়খোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাজমুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ, রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন এবং দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ। এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবক এবং বেশ কয়েকটি সাইক্লিং গ্রুপের শতাধিক সদস্য এই সচেতনতামূলক কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। যাত্রার শেষপ্রান্তে বড়খোলাপাড়া স্কুল মাঠে এক সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে ১৫ কিলোমিটার দীর্ঘ এই যাত্রায় বিশেষ নৈপুণ্য দেখানো প্রথম তিনজনকে পুরস্কৃত করা হয় এবং সকল অংশগ্রহণকারীকে সনদ প্রদান করে উপজেলা প্রশাসন। খবর প্রেস বিজ্ঞপ্তির।












