জ্বালানি তেলের চোরাচালান ও অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলেও আশ্বস্ত করা হয়েছে সরকারের পক্ষ থেকে। গতকাল শনিবার বিকেলে জাতীয় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদীয় দলের বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান চিফ হুইপ নূরুল ইসলাম মনি। খবর বাংলানিউজের।
চিফ হুইপ জানান, বৈঠকে জ্বালানি তেলের মজুতদারদের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তেলের কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের ধরতে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে। বিশেষ করে সীমান্ত দিয়ে তেল চোরাচালান রোধে প্রধানমন্ত্রী কঠোর নির্দেশনা দিয়েছেন। তিনি আরও বলেন, বৈঠকে সম্প্রতি ঈদে ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিয়েও আলোচনা হয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের দুর্ঘটনা না ঘটে, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
অধ্যাদেশ নিয়ে আলোচনার বিষয়ে নূরুল ইসলাম মনি বলেন, আজ অধ্যাদেশ নিয়ে কোনো আলোচনা হয়নি। আগামীকাল রোববার দুপুরে অধিবেশন শুরুর আগে সরকার দলের বিশেষ কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা করা হবে।
সংসদীয় কার্যক্রমে গতি আনার নির্দেশ : বৈঠকে বর্তমান সরকারের চলমান উন্নয়নমূলক কার্যক্রম, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সংসদীয় আইন প্রণয়ন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী তার বক্তব্যে জনস্বার্থ সংশ্লিষ্ট আইন প্রণয়নে সংসদ সদস্যদের আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। একইসঙ্গে সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে মাঠ পর্যায়ে সংসদ সদস্যদের সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি।
বৈঠকে সরকার দলীয় সংসদ সদস্যরা তাদের নিজ নিজ এলাকার উন্নয়ন কর্মকাণ্ড ও রাজনৈতিক পরিস্থিতি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্যের সঙ্গে শোনেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এ ধরনের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ।










