জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি ‘স্পষ্ট’ না হওয়ার যুক্তি দিয়ে স্বাক্ষর অনুষ্ঠান বর্জন করা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অবশেষে সেই সনদে স্বাক্ষর করেছে। গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন সনদে স্বাক্ষর করেন বলে প্রধান উপদেষ্টার দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। খবর বিডিনিউজের।
সনদে স্বাক্ষরের পর দলটিকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এনসিপির সনদে স্বাক্ষর করবে বলেই জাতির বিশ্বাস ছিল, আজকে সেই বিশ্বাস পূর্ণতা পেল, জুলাই জাতীয় সনদ পূর্ণতা পেল। এনসিপিকে ধন্যবাদ এই মহতি কাজে অংশগ্রহণের জন্য।
প্রধান উপদেষ্টা বলেন, এই দলিল যেন নতুন বাংলাদেশকে মানবিক বাংলাদেশ হিসেবে গড়তে প্রতিটি পদে পদক্ষেপ রাখে, তার জন্য প্রতি মুহূর্তে সচেতন থাকতে হবে। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই জাতীয় সনদের সংবিধান–সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নে গণভোট হয়। জুলাই সনদের সংবিধান সংস্কার সংক্রান্ত ৪৮ দফা বাস্তবায়নে বেশিরভাগ ভোটার সম্মতি দিয়েছেন।
ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ত্রয়োদশ সংসদের সঙ্গে অনুষ্ঠিত চতুর্থ গণভোটে অংশ নিয়েছেন ৭ কোটি ৬ লাখ ৪০ হাজার ৫৬ জন। অর্থ্যাৎ ভোটের হার ৬০ দশমিক ২৬ শতাংশ। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোটে রায় দিয়েছেন ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন (৬৮.০৬%)। আর সংস্কার বাস্তবায়নে অসম্মতি জানিয়েছেন ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ জন (৩১.৯৪%)।
জুলাই সনদে স্বাক্ষর শেষে সাংবাদিকদের মুখোমুখি হন নাহিদ ইসলাম। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কোনো সংশয় দেখছেন কিনা–এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না বাস্তবায়ন নিয়ে আর কোনো সংশয় আমরা দেখছি না। কারণ এই নির্বাচনের ভিত্তিটাই হচ্ছে গণভোট এবং গণভোটের ভিত্তি হচ্ছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ। এই আদেশ ছাড়া এই নির্বাচন সম্ভব হত না এই সময়ে এই সরকারের অধীনে। ফলে যদি আমরা নেক্সট পার্লামেন্টকে কার্যকর করতে চাই, নেঙট গভার্নমেন্টকে কার্যকর করতে চাই, তার বৈধতা হচ্ছে এই গণভোট এবং আদেশ। ফলে সেই আদেশকে মানতে হলে অবশ্যই আপনাকে গণভোটের যে গণরায় এসেছে সেই রায়কে বাস্তবায়ন করতে হবে।
কোনো নোট অব ডিসেন্ট ছাড়াই জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করে এনসিপি। এ বিষয়ে নাহিদ বলেন, নোট অব ডিসেন্টের মীমাংসা গণভোটের মাধ্যমে হয়ে গিয়েছে। গণভোটের আদেশ এবং গণভোটের প্রশ্নগুলো সেখানে কিন্তু স্পষ্টভাবেই আছে কোন সংস্কারগুলো দলগুলো তাদের ইশতেহার অনুযায়ী করবে। কোন সংস্কারগুলো সবাই ঐক্যমত হয়েছে সেটা অটোমেটিক হয়ে যাবে।














