রাঙামাটির দুর্গম জুরাছড়ি উপজেলায় হঠাৎ করে পানিবাহিত রোগ ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য মতে, বিগত এক সপ্তাহের মধ্যে ৩০-৪০ জন ডায়রিয়া রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে হাসপাতালে ৯ জন রোগী ভর্তি আছেন।
জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলার দুর্গম এলাকার পাহাড়ি পরিবারগুলো ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে বেশি। জুরাছড়ি সদর ইউনিয়নের গবাছড়ি, জনতা পাড়া ও লুলাংছড়ি গ্রামের প্রায় ৪০ জনের মতো রোগী বিগত এক সপ্তাহে হাসপাতালের ইনডোর ও আউটডোরে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে একজন শিশু ছাড়া সকলেই বয়স্ক ও মধ্য বয়স্ক। তবে স্বাভাবিকের চেয়ে আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়লেও মহামারী আকার ধারণ করেনি বলছে স্বাস্থ্য বিভাগ।
এ বিষয়ে জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনন্যা চাকমা বলেন, বিগত এক সপ্তাহ ধরে ৩০-৪০ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এখন হাসপাতালে ৯ জন রোগী ভর্তি আছেন। মহামারী আকার ধারণ না করলেও প্রকোপ আস্তে আস্তে বাড়ছে।
এ প্রসঙ্গে রাঙামাটির সিভিল সার্জন ডা. বিপাশ খীসা বলেন, বর্তমানে জুরাছড়ি উপজেলা হাসপাতালে ৯ জন রোগী ভর্তি আছেন। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কাল (রোববার) থেকে ডায়রিয়া আক্রান্ত বিভিন্ন গ্রাম-এলাকায় স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম যাবে। বিশেষত যেসব এলাকা থেকে রোগীরা আসছে সেসব এলাকায় আগে মেডিকেল টিম যাবে।












