জিম্বাবুয়েকে হারিয়ে যুব বিশ্বকাপ শেষ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক | রবিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৬ at ৫:২২ পূর্বাহ্ণ

অনূর্ধ্ব১৯ বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে আগেই। সুপার সিক্সপর্বে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচটি কেবলই আনুষ্ঠানিকতার। সে ম্যাচে ৭৪ রানের জয় নিয়ে বিশ্বকাপ মিশন শেষ করেছে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আজিজুল হাকিম তামিমের ফিফটিতে ভর করে ৯ উইকেটে ২৫৩ রানের পুঁজি দাঁড় করায় জুনিয়র টাইগাররা। অধিনায়ক তামিম ছাড়া কেউ ফিফটি পাননি। জবাবে ৪৮.৪ ওভারে ১৭৯ রানে অলআউট হয় স্বাগতিকরা। দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রান করেন অধিনায়ক সিমবারাসে মুদজেগেনগেরেরে। বাংলাদেশের পেসার ইকবাল হোসেন ইমন ২৫ রান খরচায় নেন ৫টি উইকেট। আরেক পেসার আল ফাহাদের শিকার ৩টি। ব্যাট করতে নেমে রিফাত বেগ ইতিবাচক সূচনা করলেও বাংলাদেশের আরেক ওপেনার জাওয়াদ আবরার ছিলেন ধীরগতির। রিফাত ১৪ বলে ১৫ করে আউট হন। আবরার করেন ৪৮ বলে ২৫। কালাম সিদ্দিকী ১৪ বলে ৮ রানের বেশি করতে পারেননি। তবে চতুর্থ উইকেটে রিজান হোসেনকে নিয়ে ৭৩ রানের জুটি গড়েন আজিজুল তামিম। ৮৭ বলে ৬ বাউন্ডারিতে ৫৯ রানে আউট হন ইনিংসের একমাত্র হাফসেঞ্চুরিয়ান বাংলাদেশ অধিনায়ক। ফিফটি মিস করেন রিজান। তার ব্যাট থেকে আসে ৬৮ বলে ৪৭। তামিমরিজান জুটি ভাঙার পর দ্রুত বেশ কয়েকটি উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। ২১১ রানে ৮ উইকেট হারিয়ে চাপেও পড়েছিল। তবে শেষদিকে লোয়ার অর্ডারের আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ, ইকবাল হোসেন ইমনরা দলকে চ্যালেঞ্জিং পুঁজি এনে দিয়েছেন। শাহরিয়ার ১১ বলে ১৫ করেন। ১৩ বলে ২ চার আর ১ ছক্কায় আল ফাহাদ অপরাজিত থাকেন ২৩ রানে। ২ বল খেলে দুটিই বাউন্ডারি হাঁকান ইমন। সেমিফাইনালের স্বপ্ন শেষ হলেও লড়াকু পারফরম্যান্সে বিদায়ী ম্যাচটা রাঙিয়েছে বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসি’র ৬ষ্ঠ সমাবর্তন
পরবর্তী নিবন্ধরাউজানে মোমবাতি প্রতীকের প্রার্থীর গণসংযোগে হামলার অভিযোগ