জিডি ট্রফিতে অনূর্ধ্ব-২৩ দলকে হারালো অনূর্ধ্ব-১৯ দল

স্পোর্টস ডেস্ক | সোমবার , ৩১ আগস্ট, ২০২৬ at ৮:১৫ পূর্বাহ্ণ

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গতকাল ‘গেম ডেভেলপমেন্ট (জিডি) ট্রফি’র এক রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব২৩ দলকে ৪ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব১৯ দল। নিজেদের প্রথম ম্যাচে অনূর্ধ্ব১৭ দলকে ২৪৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল অনূর্ধ্ব১৯ দল। অনূর্ধ্ব২৩ দলের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে রবিউল হাসানের হাফসেঞ্চুরিতে ৪৮ দশমিক ৪ ওভারে ২২৬ রান করে অনূর্ধ্ব১৯ দল। ১৯ রান করেন আগের ম্যাচে অনূর্ধ্ব১৭ দলের বিপক্ষে দুর্দান্ত ৯৯ রান করা জারিফ সিয়াম। আরেক ওপেনার আব্দুল্লাহ আল মুহিব ৪০ রানের ইনিংস খেলেন। রবিউলের ৬৫ রানের সুবাদে ২শ রানের গণ্ডি পেরোতে পারে অনূর্ধ্ব১৯ দল। বোলিংয়ে অনূর্ধ্ব২৩ দলের হয়ে শেখ পারভেজ জীবন ৩৮ রানে ৩টি উইকেট নেন। এছাড়া আজিজুল হাকিম তামিম ও অহরার আমিন দুটি করে উইকেট শিকার করেন।

জবাবে ৪৯ দশমিক ৩ ওভারে ২২২ রানে অলআউট হয় অনূর্ধ্ব২৩ দল। দলের পক্ষে রিজান হোসেন সর্বোচ্চ ৪৪ এবং ওপেনার খালিদ হাসান ৩৪ রান করেন। ৫২ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করে অনূর্ধ্ব১৯ দলের জয়ের নায়ক পেসার আব্দুর রহিম। দুটি করে উইকেট নেন আল রাফি ও তাফিউল আলম তামিম। এছাড়া, একটি করে উইকেট নেন এস কে জারিফ সিয়াম ও রবিউল হাসান অনিক।

পূর্ববর্তী নিবন্ধমা শিশু ও হাসপাতালে বিদায় সংবর্ধনা
পরবর্তী নিবন্ধপুরোনো ঠিকানায় ফিরছেন হামজা চৌধুরী