জালালাবাদে দুই পক্ষে মারামারি

আজাদী প্রতিবেদন | সোমবার , ৩০ মার্চ, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

নগরের খুলশী থানার জালালাবাদ এলাকায় দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। গতকাল বিকেলে ওই এলাকার লোহাগাড়া হাউজিং সোসাইটির সাইমন টিস্টোরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় মো. তসলিম নামের একজন খুলশী থানায় ছয়জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, মারামারির বিষয়টি শুনেছি। এই ঘটনায় কয়েকজন আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জেনেছি। পরে আমি হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি তদন্তের পর ঘটনার কারণ জানতে পারবো।

এদিকে লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাইমন টিস্টোরের মালিক হুমায়ন কবিরের শ্যালক প্রাইভেটকার চালক মো. তসলিমের সঙ্গে কয়েকজন যুবকের দ্বন্দ্বের জেরে ঘটনার সূত্রপাত। একপর্যায়ে জুনায়েদ, রবি, শুভ, কাজল, ফয়সাল ও অনিকসহ কয়েকজন ক্রিকেট খেলার স্ট্যাম্প, লাঠি ও ছুরি নিয়ে তসলিমকে মারধর করেন বলে অভিযোগ করা হয়। এ সময় শ্যালককে বাঁচাতে আসলে হুমায়ন কবিরের ওপরও হামলা হয়। তসলিম প্রাথমিক চিকিৎসা নিয়ে ঘরে ফিরলেও হুমায়ন এখনো চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধফ্যাসিস্ট সরকারের দুর্নীতি ও স্বজনপ্রীতির কারণে গ্রামীণ সড়কের উন্নতি হয়নি : ফখরুল
পরবর্তী নিবন্ধরাশেদ রউফ – এর অন্ত্যমিল