নগরের জামালখান এলাকা থেকে ‘ডেঞ্জার’ নামে একটি কিশোর গ্যাংয়ের ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। নিজেদের অবস্থান জানান দিতে গত শুক্রবার বিকেল ৪টার দিকে তারা দেশীয় অস্ত্র নিয়ে খাস্তগীর স্কুলের সামনে শোডাউন দেয়। এসময় তাদের গ্রেপ্তার করা হয়। পরদিন শনিবার কোতোয়ালী থানায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) ধারায় দায়ের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। তবে এ তথ্য গণমাধ্যমকে গতকাল রোববার জানানো হয়।
ধৃতরা হচ্ছেন– গ্রুপের প্রধান মো. শামীম (২২), মো. আরমান হোসেন (১৯), মো. বাপ্পী (১৯), নাছির উদ্দিন রিয়াদ (১৯), মো. সাইম হোসেন সোহাগ (১৯), মো. হোসেন (২৩), মো. আল আমিন (১৯), মো. রিয়াদ (১৯), মো. তামজিদ (১৯), মো. অনিক আকরাম (১৯) ও নিরব গাঙ্গুলী (১৯)।
ধৃতদের কাছ থেকে একটি টিপছোরা, একটি কিরিচ, একটি চাপাতি, বিভিন্ন সাইজের ৮ টি কাঠের লাঠি, ১৫ পিস বিভিন্ন সাইজের ইটের টুকরা ও একটি লোহার ধামা উদ্ধার করা হয়।
পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধৃত ডেঞ্জার কিশোর গ্যাংয়ের সদস্যরা নিজেদের পরিচয় জানান দেওয়ার জন্য দলবদ্ধভাবে দেশীয় অস্ত্র–শস্ত্রসহ ডাক্তার খাস্তগীর স্কুলের আশপাশ এলাকায় শক্তি প্রদর্শন, জনমনে আতঙ্ক ও ত্রাস সৃষ্টির লক্ষ্যে রাস্তায় যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল।














