রাউজানে যুবদল নেতা জানে আলম হত্যাকাণ্ডের ঘটনায় উপজেলা বিএনপির দুইপক্ষ পাল্টপাল্টি বিবৃতি দিয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পক্ষের বিবৃতি দিয়েছেন সাবেক পিপি অ্যাডভোকেট এনামুল হক, আবু জাফর চৌধুরী, সাবেক চেয়ারম্যান নুরুল হুদা, ফিরোজ আহমদ। বিবৃতিতে তারা এই হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, রাউজানে গত বছরের ৫ আগস্ট পূর্ববর্তী টানা ১৭বছর যাবত যে ব্যক্তির ছত্রছায়ায় একটি গোষ্ঠী আওয়ামী লীগের আশীর্বাদে নিরাপদ জীবন যাপন করেছিল, যারা সে সময় প্রকৃত বিএনপির নেতা–কর্মী–সমর্থক আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা হত্যাকাণ্ডের শিকার হলে বিবৃতি তো দূরে থাক, উল্টো আওয়ামীদের সাথে একাত্মতা পোষণ করে উল্লাস প্রকাশ করত, তারাই আজ সাবেক এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী যুবদল নেতা জানে আলম সিকদারের নির্মম হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য ও বানোয়াট বিবৃতি প্রদান করছে। অবিলম্বে জানে আলমসহ বিএনপি নেতা কর্মীদের খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।
অপরদিকে গোলাম আকবর খোন্দকারের ছেলে জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য ব্যারিস্টার তারেক আকবর খোন্দকার একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে তিনি বলেন, সব হত্যাকাণ্ড বেদনা দায়ক। গোলাম খোন্দকার রাজনীতির শুরু থেকে খুন সন্ত্রাসের বিরুদ্ধে। অতীতে পথে আটকিয়ে কারা গুলি করেছে, কারা তাকে আঘাত করে রক্তাক্ত করেছে সব কিছু মানুষ দেখেছেন। রাউজানে হত্যাকাণ্ডের ঘটনার সাথে কারা জড়িত, কারা কি কারণে হত্যাকাণ্ডের শিকার হয়েছে সব তদন্ত করে বের করার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার। তিনি স্থানীয় জনসাধারণের দেয়া তথ্যের উৎস উদ্বৃত করে দাবি করেন ইতিপূর্বে অধিকাংশ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বালু, মাটি ও চাঁদাবাজির ভাগভাটোয়ারা নিয়ে। এসব ঘটনায় শহীদ জিয়ার আদর্শে উজ্বীবিত কোনো বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী জড়িত নয়। গত ৫ জানুয়ারি রাতে পূর্বগুজরা ইউনিয়নের সিকদার পাড়ায় জানে আলমকে হত্যা করা হয়। নামাজে জানাজার পর নিজ বাড়ির কবরস্থানে লাশ দাফন করা হয়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, সন্ত্রাসী ও অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। জানে আলমকে খুনের ঘটনায় কারা জড়িত তাদের চিহ্নিত করে শিগগিরই আইনের আওতায় নিয়ে আসা হবে। জানে আলম হত্যাকাণ্ডের ঘটনায় এখনো পরিবারের পক্ষে কোনো মামলা রুজু করা হয়নি বলে তিনি জানান।












