চট্টগ্রাম কলেজের জরাজীর্ণ ‘শেরেবাংলা ছাত্রাবাস’ সংস্কার ও আধুনিকায়নের মাধ্যমে ছাত্রদের বসবাসের উপযোগী করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘ফোরাম সিক্সটিজ অফ চট্টগ্রাম কলেজ’। গত সোমবার সংগঠনের একটি প্রতিনিধি দল কলেজ ক্যাম্পাস পরিদর্শন করেন এবং ছাত্রাবাসটির বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করে এই আগ্রহ প্রকাশ করেন।
ফোরাম সিক্সটিজ সভাপতি রূপম কিশোর বড়ুয়ার নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের সহ–সভাপতি ও চুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক মো. মোজাম্মেল হক এবং যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক সেলিম জাহাঙ্গীর। কলেজের অধ্যক্ষ ফোরাম সিক্সটিজের এই মহতী প্রস্তাবকে সাধুবাদ জানান এবং সংস্কারকাজ বাস্তবায়নে পূর্ণ সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য, শেরেবাংলা ছাত্রাবাসের সংস্কারকাজ সম্পন্ন হলে শিক্ষার্থীদের দীর্ঘদিনের আবাসন সমস্যা অনেকটা লাঘব হবে বলে সংশ্লিষ্ট সবাই আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।












