ওমানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রেমিট্যান্স যোদ্ধা মো. তৌহিদুল ইসলাম নাহিদ (২৬)। তিনি রাঙ্গুনিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের রাঙ্গুনিয়া গ্রাম এলাকার বাসিন্দা। দুর্ঘটনার আগের দিনই ছিল তার জন্মদিন। জন্মদিনের আনন্দ কাটতে না কাটতেই প্রিয়জনের মৃত্যুর খবরে পরিবার ও নিজ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
প্রবাসী সূত্রে জানা গেছে, ওমানের মাস্কাট ইসমাইল এলাকার ‘ওয়াদি মরম‘ নামক স্থানে শনিবার (৪ এপ্রিল) এই দুর্ঘটনা ঘটে। নাহিদ ওমানের ‘আল হাদারা বিন দফ্ফা‘ নামক এলাকায় বসবাস করতেন এবং সেখানে ফ্রি ভিসায় ইলেকট্রিকের কাজ করতেন। ঘটনার দিন কর্মস্থল থেকে গাড়ি যোগে ইসমাইল নামক স্থানে আসার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পাহাড়ে সজোরে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই তৌহিদুল ইসলামের মৃত্যু হয়।
নিহত নাহিদের রুমমেট মো. সুমন জানান, প্রায় চার–পাঁচ বছর আগে নাহিদ ওমান গিয়েছিল, কিন্তু এই দীর্ঘ সময়ে একবারের জন্যও দেশে ফেরা হয়নি তার। ভাগ্যের নির্মম পরিহাসে শেষ পর্যন্ত লাশ হয়েই তাকে দেশে ফিরতে হচ্ছে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নাহিদের বন্ধু মোহাম্মদ ইমরাইন হোসাইন হৃদয় আবেগঘন স্ট্যাটাসে লিখেছেন, ‘গতকালই জন্মদিনের উইশ করলাম, আজকে তুই চলে গেলি! সেই ছোটবেলা থেকে বন্ধুত্ব, কত স্মৃতি, কত ঘুরাঘুরি… এখনো বিশ্বাস করতে পারছি না।’
জানা গেছে, দুর্ঘটনাকবলিত গাড়িটির চালক ছিলেন চকরিয়া থানার বাসিন্দা এমদাদ নামে অপর এক প্রবাসী। তিনি অক্ষত রয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে নাহিদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে স্বজনরা জানান।














