জনগণই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় এনেছে

ড্যাবের ইফতার মাহফিলে ডা. শাহাদাত

| শনিবার , ৭ মার্চ, ২০২৬ at ১১:১৪ পূর্বাহ্ণ

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ড্যাবের প্রধান উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার বলেছেন, ড্যাব বিগত ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমাদের সামনে এখন তিনটি কাজ বাকি আছে। একটি হচ্ছে চিকিৎসক সুরক্ষা আইন, এটি নিয়ে ইতোমধ্যে ড্যাবের নেতৃবৃন্দ কাজ করছেন। দ্বিতীয়টি রোগী সুরক্ষা আইন। একই সঙ্গে প্রাইভেট মেডিকেলে কর্মরতদের জন্য একটি নীতিমালা প্রণয়নও জরুরি। তবে সবাইকে সরকারের নীতিমালা মেনে কাজ করতে হবে। সরকারি বেসরকারি কর্মরত চিকিৎসকদেরকে সঠিক সময়ে কর্মস্থলে উপস্থিত হয়ে রোগীর সেবা নিশ্চিত করতে হবে। নীতিমালার বাইরে কোনো কার্যক্রমকে ড্যাব কখনো সমর্থন করবে না। গতকাল শুক্রবার বিকেলে নগরীর পাঁচলাইশস্থ দি কিং অব চিটাগাং এ পবিত্র মাহে রমজান উপলক্ষে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চট্টগ্রাম শাখার উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড্যাব চমেক শাখার সভাপতি অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে ও অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব ডা. বেলায়েত হোসেন ঢালীর পরিচালনায় এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল।

ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, এ দেশে যারা চিকিৎসা সেবা দেন, তাদের প্রায় ৭০ শতাংশই কোনো না কোনোভাবে প্রাইভেট মেডিকেলের সঙ্গে যুক্ত। আমরা যারা সরকারি চাকরিতে আছি, তারাও অবসরের পর প্রাইভেট মেডিকেলে কাজ করি। পাশাপাশি নতুন যেসব চিকিৎসক প্রাইভেট মেডিকেলে যোগ দিচ্ছেন, তারা যেন একটি সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে থেকে কাজ করতে পারেন, সে বিষয়ে উদ্যোগ নিতে হবে। প্রধান বক্তার বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, দেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে অনেক কথা বলা হলেও প্রকৃত অর্থে বাংলাদেশের জনগণই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় এনেছে এবং ভোটাধিকার প্রতিষ্ঠা করেছে। গত ১৬ বছর দেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। গত ১২ ফেব্রুয়ারি জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে বিএনপিকে ক্ষমতায় এনেছে। সেদিন মানুষ ভোট দিয়ে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব এই অধিকার প্রতিষ্ঠা করেছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি অধ্যাপক ডা. আবুল কেনান, সহ সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দীন আহমেদ মানিক, ড্যাব চট্টগ্রাম শাখার সাবেক সভাপতি ডা. খুরশীদ জামিল চৌধুরী, কেন্দ্রীয় ড্যাবের সহ সভাপতি ডা. রেজাউল আলম নিপ্পন, সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. খালেকুজ্জামান দীপু, সহ সভাপতি অধ্যাপক ডা. সরকার মাহবুব শামীম, সহ সভাপতি অধ্যাপক ডা. সফিউল্লাহ ঝিন্টু, যুগ্ম মহাসচিব ডা. এস এম সারোয়ার আলম।

উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহনওয়াজ, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জসিম উদ্দীন, চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. তসলিম উদ্দিন, চমেক উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুর রব, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।

বক্তব্য রাখেন ড্যাব চমেক শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়েজুর রহমান, মহানগর শাখার সাধারণ সম্পাদক ডা. এস এম ইফতেখারুল ইসলাম লিটন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. শামসুল আরেফিন সুমন, সহ সাংগঠনিক সম্পাদক ডা. নুরুল করিম চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবনমোরগ জব্দ করে দেশি মোরগ অবমুক্ত করলেন রেঞ্জ কর্মকর্তা
পরবর্তী নিবন্ধজাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণেচ্ছুকদের জ্ঞাতার্থে