প্রায় ছয় বছর আগে পার্থ বড়ুয়া প্রকাশ করেছিলেন তার একক অ্যালবাম ‘মুখোশের’ দুটি গান। এরপর ব্যান্ড নিয়ে নানান ব্যস্ততায় এই শিল্পীর সেই অ্যালবামের কোনো গান সামনে আসেনি। দীর্ঘ বিরতির পর অ্যালবামের নতুন গান প্রকাশ করেছেন পার্থ। সম্প্রতি শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ‘মুখোশ’ শিরোনামের গান। গীতিকবি রানার লেখা গানটির সংগীতায়োজন করেছেন পার্থ নিজে। প্রযোজনা করেছেন অভিক। খবর বিডিনিউজের।
গানটি নিয়ে পার্থ বড়ুয়া বলেন, ‘মুখোশ’ গানে আমাদের ভেতর ও বাইরের দিকটি উন্মোচন করার চেষ্টা করা হয়েছে। জানানো হয়েছে, আমরা সবাই কিন্তু মুখোশ পরে থাকি। আমাদের ভেতরে রূপ এক, বাইরে আরেক। সাধারণত ব্যান্ডে আমরা যে ধরনের গান করে থাকি, এটি তা থেকে অনেকে আলাদা। তাই বাণিজ্যিক ভাবনাকে দূরে রেখেই ‘মুখোশ’ অ্যালবামের আয়োজন। আশা করছি, এই গানসহ অ্যালবামের সব গানই শ্রোতার মনে ছাপ ফেলবে।
পার্থ জানিয়েছেন, গানের ভুবনে তার পথচলা প্রায় চার দশকের। এই দীর্ঘ সংগীতজীবনে কখনো একক অ্যালবাম প্রকাশ করেননি। ইচ্ছা হয়নি ব্যান্ডশিল্পীর পরিচয়কে ছাপিয়ে এককভাবে কিছু করার। সব সময় চেয়েছেন সোলস ব্যান্ডের সদস্য হিসেবে তার পরিচিতি গড়ে উঠুক। তারপরও সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নতুন কিছু সৃষ্টির চেষ্টা করেছেন। তেমনই ভিন্ন ধাঁচের পাঁচটি গান তৈরির পর মনে হয়েছে, সেগুলো আলাদাভাবে প্রকাশ করার। ‘মুখোশ’ পার্থর শিল্পীজীবনের প্রথম মৌলিক একক অ্যালবাম; যার সব গান লিখেছেন গীতিকবি রানা। সুর ও সংগীতায়োজন পার্থ নিজেই। আগে প্রকাশ পাওয়া এই অ্যালবামে গান দুটি হলো ‘শহর ও মেঘদল’ এবং ‘বৃষ্টির গান’।












