ছোট্ট ইয়ামালকে বাথটাবে গোসল করানো নিয়ে যা বললেন মেসি

ছোটবেলায় মেসির স্নেহ পেয়েছেন স্পেন দলের আরও তিন ফুটবলার

| রবিবার , ১৯ জুলাই, ২০২৬ at ৭:০৮ পূর্বাহ্ণ

আর্জেন্টিনাস্পেন বিশ্বকাপ ফাইনালের আগে ১৮ বছরের পুরনো একটি ছবি এখন নতুন করে আলোচনার কেন্দ্রে। স্পেনের তরুণ স্ট্রাইকার লামিনে ইয়ামালের সঙ্গে লিওনেল মেসির বহু চর্চিত ছবি। বার্সেলোনার এক সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে ছোট্ট ইয়ামালের সঙ্গে কিছু সময় কাটিয়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক। ফাইনালের আগে তা নিয়ে মুখ খুলেছেন মেসিও।

২০০৭ সালে বার্সেলোনার একটি সমাজসেবা মূলক প্রকল্পে যোগ দিয়েছিলেন মেসি। সতীর্থদের সঙ্গে গিয়েছিলেন বার্সেলোনার স্টেডিয়ামের কাছেই একটি উদ্বাস্তু কলোনিতে। সেখানে একটি শিশুর সঙ্গে হাসি মুখে কিছুটা সময় কাটান মেসি। তাকে কোলে নেন। স্নান করিয়ে দেন। পরে সেই শিশুই বেড়ে উঠেছে মেসিকে গড়ে তোলা বার্সেলোনার অ্যাকাডেমি লা মাসিয়ায়। সে দিনের সেই ছোট্ট শিশুই আজকের ইয়ামাল। বিশ্বকাপ ফাইনালে মেসির আর্জেন্টিনা যিনি যে কোনও মুহূর্তে বিপদে ফেলতে পারেন।

মেসির বয়স এখন ৩৯। ইয়ামালের ১৯। বিশ্বকাপের মধ্যেই দু’জনে জন্মদিন পালন করেছেন। ফাইনালের আগে স্বাভাবিকভাবেই ইয়ামালকে নিয়ে প্রশ্ন করা হয় মেসিকে। উঠে আসে ২০০৭ সালের সেই ছবির কথাও। মেসি বলেছেন, ‘ওই ছবিটা অসাধারণ। ইয়ামাল যখন শিশু ছিল, তখন ওর সঙ্গে আমার কয়েকটা ছবি রয়েছে। আমরা দু’জনেই এখন বিশ্বকাপ খেলছি। কী অবিশ্বাস্য না!’

ইয়ামালের প্রশংসাও করেছেন মেসি। আর্জেন্টিনার অধিনায়ক তার প্রিয় বার্সেলোনার উত্তরসূরিকে নিয়ে বলেছেন, ও এখন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। ওর জন্য আমার শুভকামনা থাকবে। ওর সাফল্য মানে তো বার্সেলোনারও সাফল্য। তবে ফাইনালে আমরা চেষ্টা করব, যাতে ইয়ামাল ওর সেরা খেলাটা খেলতে না পারে। শুধু ও নয়, স্পেনের গোটা দলটাই দুর্দান্ত। আমাদের হাতেই কিছু অস্ত্র আছে।’ ইয়ামালকে নিয়ে মেসি আরও বলেছেন, ইয়ামাল এখন বিশ্ব পর্যায়ের তারকা। অসাধারণ খেলোয়াড়। ওর বয়স সবে ১৯। গোটা ফুটবলজীবন পড়ে রয়েছে। ওর জন্য আমার শুভেচ্ছা সব সময় থাকবে। তবে এ বারই যাতে ও বিশ্বকাপ জিততে না পারে, তা নিশ্চিত করার জন্য আমরা সর্বস্ব দিয়ে চেষ্টা করব।’

মেসিইয়ামালের পুরনো ছবি আলোচনার বিষয় হয়ে উঠেছে স্পেন শিবিরেও। মিডফিল্ডার মিকেল মেরিনো বলেছেন, প্রথম বার ছবিটা দেখে মনে হয়েছিল কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি করা হয়েছে। আসলে এমন কিছু হয়নি। কী অবিশ্বাস্য! সর্বকালের অন্যতম সেরা দু’জন ফুটবলার এক সঙ্গে। আশা করব, ইয়ামালও এক দিন মেসির পর্যায়ে পৌঁছোবে। মনে হচ্ছে, দুর্দান্ত একটা ফাইনাল হবে। ওরা দু’জনেই নিজেদের সেরাটা দিয়ে ফুটবলপ্রেমীদের দুর্দান্ত একটা উপহার দেবে।

এদিকে একা ইয়ামালই নন, স্পেন দলে এমন তিন জন ফুটবলার রয়েছেন, যারা ছোটবেলায় মেসির সঙ্গে ছবি তুলেছেন। ফাইনালের আগে তা প্রকাশ্যে এসেছে। ইয়ামাল ছাড়াও মেসির সঙ্গে ছোটবেলায় ছবি তুলেছেন জোয়ান গার্সিয়া, গাভি এবং দানি অলমো। তার মধ্যে গার্সিয়া এবং অলমো অনেক কম বয়সে মেসির সঙ্গে ছবি তুলেছিলেন। তুলনায় গাভি একটু বেশি বয়সে ছবি তুলেছেন।

মেসি বার্সেলোনার বিশ্ববিখ্যাত অ্যাকাডেমি লা মাসিয়ার ছাত্র। যে চার জনের সঙ্গে ছবি প্রকাশ্যে এসেছে, প্রত্যেকেই লা মাসিয়ায় বড় হয়েছেন। সাধারণত বার্সেলোনায় খেলা নামী ফুটবলারেরা বিভিন্ন অনুষ্ঠানে অ্যাকাডেমির ফুটবলারদের সঙ্গে ছবি তোলেন। তেমনই মেসিও তিন জনের সঙ্গে ছবি তুলেছেন। ফাইনালের আগে সেটাই চারদিকে ছড়িয়ে পড়েছে।

গাভি এবং অলমো ছোট থেকে মেসিকে দেখে বড় হয়েছেন। দু’জনেরই আদর্শ ফুটবলার মেসি। গাভি লা মাসিয়ায় ভালো খেলার পর ধীরে ধীরে ক্লাব বার্সেলোনা এবং দেশের হয়েও অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার হয়ে উঠেছেন। অলমোও তাই। বেশ কিছুটা সময় অন্য দেশের ক্লাবে খেলার পর গত বছর তিনি যোগ দেন বার্সেলোনায়। স্পেনের আক্রমণ ভাগের অন্যতম সেরা অস্ত্র তিনি। গার্সিয়া আদতে গোলকিপার। কিন্তু মেসির সঙ্গে তারও ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া টাইগার লাইটনিং শুরু হচ্ছে আজ
পরবর্তী নিবন্ধকোনো সীমান্ত নিরাপদ থাকবে না : ইরান