ট্রেনের চালক কক্ষে ছারপোকা দেখা দেওয়ায় যুক্তরাজ্যের কয়েকটি প্রধান রুটে বেশ কিছু ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। কেন্ট, ইস্ট সাসেক্স ও গ্রেটার লন্ডন এলাকায় সেবা দেওয়া রেল সংস্থা সাউথইস্টার্ন এ খবর জানিয়েছে। খবর বিডিনিউজের। প্রতিষ্ঠানটি জানায়, গত ২২ সেপ্টেম্বর ট্রেনের চালক কক্ষে প্রথম ছারপোকা ধরা পড়ে। এরপরই চালকের কক্ষ থেকে যাত্রীদের অংশ আলাদা রাখতে আক্রান্ত দুটি ট্রেনের কামরা বিচ্ছিন্ন করে দেওয়া হয়। সাউথইস্টার্ন জানায়, পরীক্ষা–নিরীক্ষা ও কীটনাশক প্রয়োগের সুবিধার্থে ট্রেন দুটি ডিপোতে ফিরিয়ে নেওয়ার আগপর্যন্তই কেবল সাময়িকভাবে চালু রাখা হয়েছিল। তবে তাদের উচ্চগতির হাই স্পিড ১ এর কোনও ট্রেনে ছারপোকা মেলেনি বলে নিশ্চিত করেছে তারা।
যাত্রীদের কামরায় মেলেনি ছারপোকা : সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে সংস্থাটি জানায়, ছারপোকা পাওয়া ট্রেনগুলো লন্ডন থেকে ছেড়ে যাওয়া ট্রেনের শেষ গন্তব্য হেস্টিংসের ওয়েস্ট মেরিনা ডিপো থেকে পরিচালিত হতো। এসব ট্রেন মূলত ব্যাটল, টানব্রিজ ওয়েলস ও সেভেনওকস হয়ে যাতায়াত করে।












