ছাত্রজনতার ওপর হামলা : যুবলীগ নেতা শফিক গ্রেপ্তার

| শনিবার , ১৮ জুলাই, ২০২৬ at ১০:২০ অপরাহ্ণ

চট্টগ্রামে গণঅভ্যুত্থানের আগের দিন বহদ্দারহাট এলাকায় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা মামলায় নিষিদ্ধ ঘোষিত মহানগর যুবলীগের সদস্য মো. শফিক (৩৮) কে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা-পুলিশ।

শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে শফিককে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার রফিক চান্দগাঁও থানাধীন বহদ্দার তালতল ফরিদেরপাড়ার মনু মিস্ত্রি বাড়ির রফিক কন্ডাক্টররের ছেলে।

থানা-পুলিশ সূত্র জানায়, ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারে শফিক ৪৮ নম্বর আসামি। এ মামলায় এজাহারভুক্ত আসামি রয়েছেন ৫১ জন। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, গণঅভ্যুত্থানের আগের দিন বহদ্দারহাট এলাকায় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা চালানো হয়। হামলার সময় গুলিবিদ্ধ হন মো. সেলিম নামে এক ব্যক্তি। এ ঘটনায় পরে সংশ্লিষ্টদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে পুকুরঘাটের নিচে আটকে প্রাণ গেল স্কুলছাত্রের
পরবর্তী নিবন্ধবন্যা পুনর্বাসনে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের ১০০ নতুন ঘর নির্মাণ কার্যক্রম উদ্বোধনে স্বরাষ্ট্রমন্ত্রী