বাংলা সংস্কৃতির বহমান ধারায় চৈত্রসংক্রান্তি এক অনন্য জীবনদর্শনের প্রতীক। এটি কেবল একটি ক্যালেন্ডারের শেষ দিন নয়, বরং পুরাতনের বিদায় ও নতুনের আহ্বানের এক গভীর সাংস্কৃতিক উপলক্ষ। বাংলা সমাজে চৈত্রসংক্রান্তি মূলত প্রতীকী–জীর্ণতা, ক্লান্তি ও অশুভ শক্তিকে বিদায় জানিয়ে নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাওয়ার আহ্বান। গ্রামীণ বাংলায় এই দিনে ঘরবাড়ি পরিষ্কার করা, পুরনো জিনিসপত্র পরিত্যাগ, মঙ্গল শোভাযাত্রা, হালখাতা উদ্বোধন এবং নানা লোকজ আচার–অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মানুষের মধ্যে নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার ঘটে। ধর্মীয় ভেদাভেদ ভুলে এই দিনে মানুষ একত্রিত হয়, গড়ে ওঠে সাম্য, সমপ্রীতি ও সহমর্মিতার বন্ধন। এই বৃহত্তর সাংস্কৃতিক প্রেক্ষাপটে চট্টগ্রামের পটিয়া অঞ্চলের ঐতিহ্যবাহী চক্রশালা বৌদ্ধতীর্থ ফরাতারা চৈত্য মেলা বিশেষ তাৎপর্য বহন করে। পটিয়া উপজেলার হাইদগাঁও গ্রামে অবস্থিত চক্রশালা এক প্রাচীন ঐতিহ্যের ধারক। প্রতি বছর চৈত্রসংক্রান্তির দিনে এখানে বসে এক বিশাল মেলা, যা কেবল একটি লোকজ উৎসব নয়, বরং বহু শতাব্দী প্রাচীন বৌদ্ধ ঐতিহ্যের স্মারক।
চক্রশালার ইতিহাস অত্যন্ত প্রাচীন ও কিংবদন্তিমণ্ডিত। আরাকানী ঐতিহ্যভিত্তিক কাহিনিতে জানা যায়, গৌতম বুদ্ধ তাঁর শিষ্যদের সঙ্গে আরাকান ভ্রমণের সময় এই অঞ্চলে আগমন করেছিলেন এবং ধর্ম প্রচার করেন। কথিত আছে, তাঁর জীবদ্দশাতেই এখানে একটি চৈত্য নির্মিত হয়, যা ‘ফরাচেংগী’ নামে পরিচিত ছিল। এই চৈত্যকে কেন্দ্র করেই পরবর্তীকালে ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকাশ ঘটে।
ইতিহাসের ধারায় দেখা যায়, এই অঞ্চলে বহু বৌদ্ধ ভিক্ষুর আগমন ঘটেছিল। তাঁদের মধ্যে অন্যতম অতীশ দীপংকর শ্রীজ্ঞ্যান, যিনি তিব্বতে যাওয়ার পূর্বে এখানে অবস্থান করেছিলেন বলে জনশ্রুতি রয়েছে। এছাড়া পঞ্চদশ শতকে প্রখ্যাত ভিক্ষু চন্দ্রজ্যোতি মহাস্থবিরের আগমনও চক্রশালার ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি ব্রহ্মদেশ থেকে বুদ্ধমূর্তি ও চক্রাসন নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করেন, যা থেকে ‘চক্রশালা’ নামটির উৎপত্তি বলে ধারণা করা হয়।
চক্রশালা একসময় আরাকানী সামন্ত রাজাদের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। বিশেষত সামন্ত রাজা জয়চ্ছন্দের রাজধানী হিসেবেও এটি পরিচিত ছিল। এই অঞ্চলের প্রাচীন নাম ‘হস্তীগ্রাম’, যা পরবর্তীতে ‘হাইদগাঁও’–এ রূপান্তরিত হয়। ঐতিহাসিক ও নৃতাত্ত্বিক বিশ্লেষণে এ নামকরণের পেছনে স্থানীয় ভূপ্রকৃতি ও হাতির বিচরণকে দায়ী করা হয়।
বর্তমানে হাইদগাঁওয়ে কোনো বৌদ্ধ পল্লী না থাকলেও চক্রশালা বৌদ্ধতীর্থ ফরাতারা চৈত্য মেলা তার ঐতিহ্য অটুট রেখেছে। প্রতি বছর চৈত্রসংক্রান্তির দিনে শত শত বৌদ্ধ ভিক্ষু ও হাজার হাজার মানুষ এখানে সমবেত হয়। বৌদ্ধ ধর্মাবলম্বীরা মন্দিরে গিয়ে পূজা–অর্চনা করেন, দীপ–ধূপ জ্বালান এবং ধর্মীয় আচার পালন করেন। একইসঙ্গে মেলাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে নানা ধরনের দোকান, খেলনা, মিষ্টান্ন এবং লোকজ সামগ্রীর সমাহার ঘটে, যা এক প্রাণবন্ত সামাজিক মিলনমেলায় পরিণত হয়।
চক্রশালা বৌদ্ধতীর্থ ফরাতারা চৈত্য মেলা কেবল ধর্মীয় আচারেই সীমাবদ্ধ নয়; এটি একটি সামাজিক ও সাংস্কৃতিক পুনর্মিলনের ক্ষেত্র। এখানে বিভিন্ন ধর্ম ও সমপ্রদায়ের মানুষ একত্রিত হয়ে উৎসবের আনন্দ ভাগ করে নেয়। এই মিলনমেলা বাঙালির অসামপ্রদায়িক চেতনা ও সহাবস্থানের ঐতিহ্যকে আরও দৃঢ় করে।
সবশেষে বলা যায়, চৈত্রসংক্রান্তি ও চক্রশালা বৌদ্ধতীর্থ ফরাতারা চৈত্য মেলা–এই দুইয়ের মধ্যে রয়েছে গভীর অন্তঃসম্পর্ক। একটি যেখানে সমগ্র বাঙালির নবজাগরণের প্রতীক, অন্যটি সেখানে আঞ্চলিক ঐতিহ্য ও ইতিহাসের এক জীবন্ত দলিল। যুগের পরিবর্তনে অনেক কিছু বদলে গেলেও এই উৎসব ও মেলা আমাদের শিকড়ের সঙ্গে সংযোগ স্থাপন করে, আমাদের মনে করিয়ে দেয় আমাদের অতীত, ঐতিহ্য ও সংস্কৃতির সমৃদ্ধ উত্তরাধিকার।













