জমকালো নানা আয়োজনে চিটাগাং উইম্যান চেম্বারের নারী উদ্যোক্তাদের বৃহত্তম আন্তর্জাতিক মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে বর্ণাঢ্য উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার নারী উদ্যোক্তাদের অন্যতম বৃহৎ এই বাণিজ্যিক আয়োজন। নগরীর পলোগ্রাউন্ড মাঠে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে মাসব্যাপী এই মেলার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এবার মেলার ১৫তম আসর।
চিটাগাং উইম্যান চেম্বারের প্রেসিডেন্ট আবিদা মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এবং চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার ড. রাজীব রঞ্জন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের এডিশনাল ডিআইজি নাজিমুল হক, সিডব্লিউসিসিআই’র উপদেষ্টা একরামুল করিম এবং দক্ষিণ আফ্রিকার অনারারি কনস্যুল মোহাম্মদ সোলাইমান আলম শেঠ। মেলা কমিটির চেয়ারপারসন ও সিডব্লিউসিসিআই–এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লুৎমিলা ফরিদ স্বাগত বক্তব্যের মাধ্যমে মেলার বিস্তারিত রূপরেখা ও আগত অতিথিদের অভ্যর্থনা জানান। অতিথিবৃন্দ বক্তব্যে বলেন, বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে নারী উদ্যোক্তাদের ভূমিকা এখন অনস্বীকার্য। এই মেলা নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণ এবং তাদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। বিশেষ করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের এই অংশগ্রহণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করবে।
এবারের মেলায় বাংলাদেশ ছাড়াও ভারত, চীন, থাইল্যান্ড ও পাকিস্তানের উদ্যোক্তারা অংশগ্রহণ করছেন। প্রায় ৩৫০টি স্টল ও ২০টি প্যাভিলিয়নে সাজানো এই মেলায় হস্তশিল্প, দেশীয় পোশাক এবং সৃজনশীল পণ্যের বিশাল সমাহার রয়েছে। দর্শনার্থীদের নিরাপত্তার জন্য পুলিশ ক্যাম্প, সিসিটিভি মনিটরিং এবং সার্বক্ষণিক ফায়ার সার্ভিসের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এছাড়াও মেলায় রয়েছে আকর্ষণীয় বিনোদন পার্ক ও ফুড কোর্ট। এবারের মেলার প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে দেশি–বিদেশি প্রতিনিধি, সিডব্লিউসিসিআই’র পরিচালকবৃন্দ, মেলা কমিটির সদস্য এবং চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজকরা আশা প্রকাশ করেছেন, মাসব্যাপী এই মেলা নারী উদ্যোক্তাদের বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং বিপুল দর্শনার্থীর সমাগম ঘটবে।














