‘চাচাকে বাবা বানিয়ে’ মুক্তিযোদ্ধা কোটায় প্রশাসন ক্যাডারে চাকরি নেওয়ার অভিযোগ ওঠা সেই ইউএনও মো. কামাল হোসেনকে নাচোল উপজেলা থেকে সরানো হয়েছে। গতকাল বুধবার তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে যোগ দিতে আদেশ দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার তদন্তের অংশ হিসেবে পরিচয় শনাক্তে ডিএনএ টেস্টের সিদ্ধান্ত নেওয়ার একদিন পর নাচোলের এই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) প্রত্যাহার করা হল। ‘জনস্বার্থে’ কামালকে ওএসডি করা বিষয়ক জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, অবিলম্বে এটি কার্যকর হবে। খবর বিডিনিউজের।
আগের দিন মঙ্গলবার মুক্তিযোদ্ধা কোটায় প্রশাসন ক্যাডারে চাকরি নেওয়ার অভিযোগে দায়ের করা মামলার তদন্তে প্রকৃত পরিচয় নিশ্চিত করতে কামাল হোসেন, তার পিতা–মাতা এবং চাচা–চাচির ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নেয় দুদক। দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন বলেন, মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি ও চাকরি লাভের উদ্দেশ্যে জন্মদাতা পিতা–মাতার পরিবর্তে আপন চাচা–চাচিকে পিতা–মাতা হিসেবে দেখিয়ে মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে চরম প্রতারণা করেছেন কামাল হোসেন।











