চাকসুর জুলাই স্মৃতিচারণমূলক গ্রন্থের মোড়ক উন্মোচন

| বৃহস্পতিবার , ২২ অক্টোবর, ২০২৬ at ৯:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে প্রকাশিত জুলাই গণ–অভ্যুত্থানের স্মৃতিচারণমূলক গ্রন্থ ‘জুলাইগাঁথা’র মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে চাকসু ভবন প্রাঙ্গণে বইটির মোড়ক উন্মোচন করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জুলাই আন্দোলনে শহীদ হৃদয় চন্দ্র ও ফরহাদ হোসেনের স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে গ্রন্থটি। এতে ৬৭ জন লেখকের স্মৃতিচারণ স্থান পেয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘জুলাইগাঁথা’র সম্পাদকীয় উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক, সম্পাদকমণ্ডলীর সভাপতি ও চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি, সম্পাদক হারেস মাতাব্বর, সহকারী সম্পাদক জিহাদ আহনাফ ও সম্পাদনা সহযোগী মুহাম্মদ রিয়াদ উদ্দিন। খবর বাংলানিউজের।

উপস্থিত ছিলেন চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ আলী, চাকসুর জিএস সাঈদ বিন হাবিব, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক মোনায়েম শরীফ, যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক মো. ইসহাক ভুঁইয়া, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মাহবুবুর রহমান, পাঠাগার ও ক্যাফেটেরিয়াবিষয়ক সম্পাদকসহ চাকসুর অন্য প্রতিনিধিরা।

হারেস মাতাব্বর বলেন, বইটির বিশেষ দিক হলো, এতে চট্টগ্রামের ১৬ জন শহীদের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হয়েছে। পাশাপাশি ‘১–৩৬ জুলাই’ চট্টগ্রামের আন্দোলনের ঘটনাপ্রবাহও সংক্ষেপে উল্লেখ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ‘ফাদার অব অল বোমস’ উন্মোচনের ঘোষণা ইরানের
পরবর্তী নিবন্ধহালিশহরে মৌলভী নাদের আলী শাহ’র (রঃ) বার্ষিক ওরশ সম্পন্ন