নগরের আরাকান সড়কের বহাদ্দারহাট থেকে পাঠানিয়া গোদা পর্যন্ত অংশ থেকে প্রায় ৩০টি ভাসমান দোকান ও স্থায়ী দোকানের বর্ধিত অংশ উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এ সময় ফুটপাত দখল করে ব্যবসা করায় একটি দোকান থেকে ছয়টি গ্যাস সিলিন্ডার, একটি লোহার কাটার যন্ত্র জব্দ করা হয়। এছাড়া একটি দোকানে তালা লাগিয়ে দেয়া হয়। গতকাল পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম। তিনি দৈনিক আজাদীকে বলেন, ১৫টি ভ্যান এবং ১২/১৩টি দোকানের সম্প্রসারিত অংশ উচ্ছেদ করা হয়। ফুটপাতে স্থায়ীভাবে সিমেন্ট দিয়ে লোহার একটি স্কেল মেশিন স্থাপন করেছে এক দোকানদার। সেটা জব্দ করে দোকানে তালা লাগিয়ে দেয়া হয়। আরেক ব্যবসায়ী গ্যাস সিলিন্ডার রেখেছে ফুটপাতে। এতে মানুষের চলাচলে প্রতিবন্ধকতা হচ্ছিল। সিলিন্ডারগুলো জব্দ করা হয়।











