মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি তীব্র আকার ধারণ করায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল আবারও স্থবির হয়ে পড়েছে। এর ফলে গতকাল বুধবার দিনজুড়ে ৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, গতকাল বাতিল হওয়া ৮টি আন্তর্জাতিক ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী ২টি ডিপার্চার ফ্লাইট, ইউএস–বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত একটি এরাইভাল এবং একটি ডিপার্চার ফ্লাইট রয়েছে। অন্যদিকে এয়ার আরাবিয়ার শারজাহ থেকে আগত ২টি এরাইভাল এবং শারজাহগামী ২টি ডিপার্চার ফ্লাইটও বাতিল করা হয়। তবে মধ্যপ্রাচ্যজুড়ে অস্থিরতার মাঝেও কিছু ফ্লাইট চালু ছিল। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৯টি এরাইভাল এবং ৫টি ডিপার্চার ফ্লাইট গতকাল চলাচল করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সালাম এয়ার, এয়ার আরাবিয়া এবং ইউএস–বাংলা এয়ারলাইনস–এর শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে চট্টগ্রামগামী ফ্লাইটগুলোর স্থবিরতা এখনও অপরিবর্তিত রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংকটের মধ্যে গতকালের ৮টি ফ্লাইটসহ মোট ১৪৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ বিভাগের প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।









