চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এক হাজতির মৃত্যু হয়েছে। তার নাম আব্দুর রহমান মিয়া (৭০)। নগরীর ডবলমুরিং থানাধীন উত্তর আগ্রাবাদ পূর্ব মুহুরি পাড়া এলাকার বাসিন্দা তিনি। গতকাল সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত ২৬ জানুয়ারি শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আব্দুর রহমান মিয়াকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়। দীর্ঘদিন ধরে ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন তিনি। ২০২৪ সালের সেপ্টেম্বরে নগরীর কোতোয়ালী থানায় বিস্ফোরক দ্রব্য আইনে হওয়া একটি মামলায় গত বছরের ১৭ নভেম্বর গ্রেপ্তার হয়েছিলেন আব্দুর রহমান মিয়া। তখন থেকেই তিনি কারাগারে ছিলেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ দৈনিক আজাদীকে বলেন, আব্দুর রহমান মিয়া দীর্ঘদিন ধরে ক্যান্সারসহ নানা রোগে ভোগছিলেন। কারাগারে আসার পর থেকে বিভিন্ন সময় তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। সর্বশেষ গত ২৬ জানুয়ারি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চমেকে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়। আজ (গতকাল) সকালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে আব্দুর রহমান মিয়ার মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান জেলার। উল্লেখ্য, আব্দুর রহমান মিয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম নগরীর ২৪ নং ওয়ার্ড দক্ষিণ আগ্রাবাদ শাখার সহ–সভাপতি ছিলেন।












