চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে অর্থোপেডিকস ইমার্জেন্সি অপারেশন থিয়েটার (ওটি) সমপ্রসারণ, আধুনিক লাইব্রেরি ও রেনোভেটেড ক্লাসরুম উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় হাসপাতালের এনেস্থেশিয়া বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, আধুনিক ও সময়োপযোগী চিকিৎসা সেবা নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়নের কোনো বিকল্প নেই। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এই সমপ্রসারণ রোগীদের দ্রুত ও উন্নত চিকিৎসা প্রাপ্তি নিশ্চিত করবে এবং স্বাস্থ্যসেবার সামগ্রিক মান উন্নয়নে সহায়ক হবে।
ডা. শাহাদাত হোসেন বলেন, নতুন ওটি চালুর ফলে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার সেবার সক্ষমতা বৃদ্ধি পাবে, অপারেশনের অপেক্ষার সময় কমবে এবং রোগীদের ভোগান্তি হ্রাস পাবে। একই সঙ্গে আধুনিক লাইব্রেরি চিকিৎসকদের জ্ঞানচর্চা ও গবেষণায় সহায়ক হবে এবং রেনোভেটেড ক্লাসরুম একাডেমিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. তসলিম উদ্দিন, এনেস্থেশিয়া বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. হারুন অর রশীদ, অধ্যাপক কে এম বাকি বিল্লাহ, সহকারী অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাজেদ চৌধুরী, শিশু স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ মুসা মিঞা, সহযোগী অধ্যাপক ডা. বেলায়েত হোসেন ঢালী, সহকারী অধ্যাপক ডা. জাবেদ বিন আমিন, সহকারী অধ্যাপক ডা. মাহমুদ আল ফারাবী, সহযোগী অধ্যাপক ডা. মহিউদ্দিন মানিক, ডা. ইলহাম ইমাম, ডা. রিয়াসাত শাহাবুদ্দিন, ডা. সামিউল করিম, ডা. আফরিনা জাহান শেফা, ডা. জহির শাহসহ সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসকবৃন্দ।












