চবির ছড়া থেকে সেগুন-গামারি কাঠ উদ্ধার

| শুক্রবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের পাহাড়ি ছড়া থেকে ৭৬টি সেগুন ও গামারি কাঠ উদ্ধার করা হয়েছে। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন পাহাড়ি ছড়া থেকে এসব কাঠ উদ্ধার করা হয়।

এর আগে সন্ধ্যায় মিঠু ইসলাম নামের এক শিক্ষার্থী ফেইসবুক গ্রুপ ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার’এ একটি ভিডিও পোস্ট করেন। তাতে দেখা যায়, বোটানিক্যাল গার্ডেন এলাকার পেছনের ঝর্ণার ছড়া দিয়ে বিপুল পরিমাণ কাঠের টুকরো ভাসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

বিষয়টি জানাজানি হওয়ার পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছড়া ধরে অভিযান শুরু করে। একপর্যায়ে ‘ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস’ সংলগ্ন বাঁশ বাগানের পেছনের ছড়া থেকে ছড়িয়েছিটিয়ে থাকা অবস্থায় মোট ৭৬ টুকরো কাঠ জব্দ করা হয়। এসব কাঠের বেশিরভাগই সেগুন, রয়েছে গামারি কাঠও। খবর বিডিনিউজের।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীদের ধারণা, পাচারকারীরা ছড়ার উজানে কৃত্রিম বাঁধ দিয়ে পানি জমিয়ে রেখেছিল। পরে সেই বাঁধ ছেড়ে দিয়ে পানির তীব্র স্রোত তৈরি করে কাঠের টুকরোগুলো ভাটির দিকে ভাসিয়ে দেয়। নিরাপত্তা দপ্তরের সুপারভাইজার শাহেদুল ইসলাম বলেন, ফেসবুকে ভিডিওটি দেখে আমরা তাৎক্ষণিক অভিযানে নামি। প্রায় ২ কিলোমিটার সামনে অগ্রসর হয়ে আমরা ৭৬টি কাঠের টুকরো উদ্ধার করি। প্রশাসনের নির্দেশক্রমে রাতে পাহারা জোরদার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিনয় মজুমদার
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে যানজট নিরসনে ফুটপাত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ