চবিতে বিনামূল্যে এআই কোর্স শেখার সুযোগ

চবি প্রতিনিধি | বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) শেখার সুযোগ সৃষ্টি করে উদ্বোধন করা হয়েছে ‘AI Navigator’ কোর্সের। গত মঙ্গলবার ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কোর্সটির উদ্বোধন করা হয়।

যুক্তরাজ্যের চ্যারিটি প্রতিষ্ঠান Sand a Little Hope, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের IQAC দপ্তর, অফিস ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, চিটাগং ইউনিভার্সিটি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সমন্বিত উদ্যোগে এই কোর্স চালু হয়েছে। এর আওতায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিনামূল্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখতে পারবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও এই কোর্সে অংশগ্রহণের সুযোগ পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার। বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দিন এবং যুক্তরাজ্যের চ্যারিটি প্রতিষ্ঠান Sand a Little Hope-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মুজাহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন আন্তর্জাতিক বিষয়ক কার্যালয়ের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ শাহাব উদ্দিন।উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসাইন, অধ্যাপক ড. মো. আশরাফুল ইসলাম, Sand a Little Hope-এর কান্ট্রি ডিরেকটর সাদমান সাকিব চৌধুরী প্রমুখ। প্রধান অতিথি বলেন, আগামীর সময় নিশ্চিতভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার সময়। এখন যারা কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালনায় নিজেদেরকে দক্ষ করতে পারবে, তারাই সামনের দিনে পৃথিবীকে নেতৃত্ব দিবে।তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করায় Sand a Little Hope-টকএর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কোর্সের বিস্তারিত তুলে ধরে প্রেজেন্টেশন দেন Sand a Little Hope-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মুজাহিদুল ইসলাম। এই কোর্সের প্রতি সেশনে মাত্র ৫০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে। কোর্সে মোট চারটি মডিউল থাকবে। এই কোর্স প্রায় ৫৬ সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হবে। কলা, ব্যবসায় প্রশাসন, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও শিক্ষা অনুষদের শিক্ষার্থীরা সরাসরি উপকৃত হতে পারবে। কোর্স শেষে সেরা ৫টি প্রোজেক্ট আন্তর্জাতিক পর্যায়ে প্রদর্শনীর ব্যবস্থা করা হবে। প্রায় দুই মাসব্যাপী এই কোর্স শেষে সাধারণ শিক্ষার্থীদের জন্য ইন্ডাস্ট্রিয়াল কোলাবারেশনের সুযোগ থাকবে।

পূর্ববর্তী নিবন্ধজলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়ে তোলাই আমার লক্ষ্য
পরবর্তী নিবন্ধগোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী ক্লাবের মতবিনিময় সভা