চট্টগ্রামে গত এক সপ্তাহে দুই শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। বর্তমানে এই দুই শিশুর মধ্যে এক শিশু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্য শিশুটি চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।
এই দুই শিশুসহ বিভিন্ন হাসপাতালে ২৮ শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি আছে। জেলায় মোট ৪০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়।
চট্টগ্রাম জেলা সিভিল কার্যালয় সূত্র জানায়, হাম শনাক্ত হওয়া সাড়ে পাঁচ মাস বয়সী এক শিশু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। সে বোয়ালখালী উপজেলা থেকে এসেছে। পাঁচ মাস বয়সী অন্য শিশুর বাড়ি হাটহাজারী। চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে তার চিকিৎসা চলছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগে গত এক সপ্তাহে ১৮ জন ভর্তি হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এর মধ্যে একজনের শরীরে হাম আগেই শনাক্ত হয়েছে। বাকি ১৭ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদিকে মা ও শিশু হাসপাতালেও হামের লক্ষণ নিয়ে আরও ৯ জন এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতালে একজন ভর্তি আছে।
জেলা সিভিল সার্জন মো. জাহাঙ্গীর আলম বলেন, বিভিন্ন হাসপাতাল থেকে ৪০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের তিন হাসপাতালে ২৮ জন ভর্তি আছে। বাকি ১২ জনকে বাড়িতে নেওয়া হয়েছে।












