চট্টগ্রামের মীরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নে তসবিহর দানা গলায় আটকে দেড় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলার ৬নং ইছাখালী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের উত্তর ভূঁইয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু তালহা বিন শহিদ ভূঁইয়া উপজেলার স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, খেলার সময় হঠাৎ তসবিহর একটি দানা শিশুটির গলায় আটকে যায়। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং শ্বাসকষ্ট শুরু হয়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে মুমূর্ষু অবস্থায় মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মস্তাননগর) হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
তালহার স্বজন মোরশেদ ভূঁইয়া বলেন, তালহার বাবা ব্যবসায়ী ও মা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। শুক্রবার সকাল ৯ টায় তালহার জানাযা নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়।
মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বলেন, গলায় তাজবির দানা আটকে এক শিশুর মৃত্যু হয়েছে। মূলত গলায় দানা আটকে শ্বাসনালি বন্ধ হয়ে যাওয়াতে তার মৃত্যু হয়। পরে আমরা মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছি।












