চট্টগ্রামে খালেদা জিয়ার কর্মময় জীবনের ওপর আলোকচিত্র প্রদর্শনী

| মঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৪০ পূর্বাহ্ণ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামী ও কর্মময় জীবন নিয়ে চট্টগ্রামে ২ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চ প্রাঙ্গণে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি, ঢাকার আয়োজনে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী (চট্টগ্রাম ০৫) ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন এবং শোক বইয়ে স্বাক্ষর করেন। প্রধান অতিথি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া আপসহীন নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত। তাঁর সংগ্রামী জীবন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। প্রধান বক্তা ছিলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী (চট্টগ্রাম০৯) মোহাম্মদ আবু সুফিয়ান।তিনি বলেন, একজন সাধারণ গৃহবধূ থেকে তিনবারের প্রধানমন্ত্রী হয়ে ওঠার পথটি ছিল সংগ্রামের। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত। প্রদর্শনীতে সাধারণ একজন গৃহবধূ থেকে রাজনীতির মঞ্চে প্রবেশ করে তিনবার প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনকারী বেগম খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামী জীবন ও রাজনৈতিক পথচলার নানা অধ্যায় তুলে ধরা হয়েছে। এছাড়া তাঁর পারিবারিক ও রাজনৈতিক জীবনের বিভিন্ন সময়ের শতাধিক দুর্লভ স্থিরচিত্র প্রদর্শনের পাশাপাশি জীবন ও রাজনৈতিক সংগ্রামভিত্তিক বিশেষ ডকুমেন্টারিও প্রদর্শিত হচ্ছে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অরণ্য পাশা (নির্বাহী সদস্য, বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি), মহানগর জাসাসের সদস্য সচিব মামুনুর রশিদ শিপন এবং মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন। এছাড়া বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক দর্শনার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, এই প্রদর্শনীর মাধ্যমে নতুন প্রজন্মের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন, সংগ্রাম ও রাজনৈতিক অবদান তুলে ধরাই তাদের মূল লক্ষ্য। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স আই ইনস্টিটিউটে এমএলওপি ব্যাচের ওরিয়েন্টেশন
পরবর্তী নিবন্ধবারখাইন জামেয়া জমহুরিয়া কামিল মাদ্রাসার ৫৩তম সালানা জলসা