ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ব্যারিকেড দিয়ে ট্রাক থেকে ১০টি গরু লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় চালক ও তার সহকারী (হেলপার) গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার চৌদ্দগ্রাম–লাকসাম আঞ্চলিক সড়কের ফেলনা মোল্লা বাড়ি থেকে গাছে বাঁধা অবস্থায় চালক ও তার সহকারীকে উদ্ধার করা হয় বলে জানান চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ আরিফ হোসাইন। খবর বিডিনিউজের।
চালক ও তার সহকারীর বরাতে পুলিশ জানায়, রাজশাহীর চারঘাট বাজার থেকে ১০টি গরু বোঝাই করে ট্রাক নিয়ে চালক ও তার সহকারী চট্টগ্রামের মদুনা ঘাট যাচ্ছিলেন। ভোরে ৮ থেকে ১০ জনের একটি পিকআপ বালুজুড়ি এলাকায় ট্রাকের সামনে দাঁড়িয়ে ব্যারিকেড তৈরি করে। পরে তারা ট্রাকে উঠে চালক আকরাম হোসেনকে কুপিয়ে ট্রাকের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তারা ট্রাকটিকে ফেলনা মোল্লা বাড়ির সামনে নিয়ে চালক ও তার সহকারীকে গাছের সঙ্গে বেঁধে ফেলে। পরে ট্রাক থেকে গরু নামিয়ে নিজেদের পিকআপে করে নিয়ে চলে যায়।
ভোরবেলায় স্থানীয়রা খালি ট্রাক এবং দুজনকে গাছে বেঁধে রাখা অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ গিয়ে দুজনকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে চিকিৎসা দেয়।
ট্রাক চালক আকরাম হোসেন বলেন, ডাকাতদল দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আমাকে কুপিয়ে ট্রাকটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। গরুর মালিক মো. রফিক বলেন, সকালে চৌদ্দগ্রাম থানা পুলিশের মাধ্যমে জানতে পারলাম, ডাকাতদল গরুগুলো নিয়ে গেছে। ১৩ লাখ টাকার গরু ছিল। মামলার প্রস্তুতি নিচ্ছি।
চৌদ্দগ্রাম মডেল থানার ওসি মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, চালক ও হেলপার মিলে গরু আত্মসাত করেছেন, নাকি ডাকাতি হয়েছে– সব মাথায় রেখে তদন্ত করা হচ্ছে। পুলিশ লুট হওয়া গরু উদ্ধার এবং ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।













