চট্টগ্রাম বিমানবন্দরে ৩০ দিনে ২১২ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব

আজাদী প্রতিবেদন | সোমবার , ৩০ মার্চ, ২০২৬ at ১০:৫২ পূর্বাহ্ণ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার কারণে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে স্থবিরতা অব্যাহত রয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল (রবিবার) বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, গতকাল সারাদিনে মোট ৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের শারজাহ থেকে আগত একটি ফ্লাইট, ইউএসবাংলা এয়ারলাইনসের আবুধাবিগামী একটি ডিপার্চার ফ্লাইট এবং এয়ার আরাবিয়ার শারজাহ রুটের একটি আগমন ও একটি বহির্গমন ফ্লাইট রয়েছে। তবে গতকাল বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী ও আগত ৭টি করে মোট ১৪টি আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সালাম এয়ার, এয়ার আরাবিয়া এবং ইউএসবাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে ফ্লাইট চলাচলের স্থবিরতা এখনো কাটেনি। এদিকে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে এক মাসে চট্টগ্রাম বিমানবন্দর থেকে মোট ২১২টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অচলাবস্থা অব্যাহত থাকতে পারে।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান , যাত্রীদের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধসাত মন্ত্রণালয় হঠাৎ পরিদর্শন প্রধানমন্ত্রীর
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে নির্ধারিত সময়ে বোরো ফসল তোলা নিয়ে শঙ্কা