চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজ লিগ (সিএফএল ২০২৬’ আগামী ২২ অক্টোবর থেকে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে। আটটি ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট দল নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করার সিদ্ধান্ত হয়েছে। টুর্নামেন্ট উপলক্ষে গত ৪ অক্টোবর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজ লিগের টুর্নামেন্ট কমিটির প্রধান উপদেষ্টা ও বিসিবি পরিচালক সিরাজউদ্দিন মো. আলমগীরের সভাপতিত্বে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় ৬টি ফ্রাঞ্চাইজি দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিগত দুই মৌসুমে চট্টগ্রাম প্রিমিয়ার লিগ, প্রথম বিভাগ ও দ্বিতীয় বিভাগে অংশগ্রহণকারী খেলোয়াড়রা এবারের রেজিস্ট্রেশনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। নিবন্ধিত সকল খেলোয়াড়ের তথ্য নিয়ে একটি ‘অ্যাভেলেবল প্লেয়ার্স লিস্ট’ তৈরি করা হবে, যা থেকে পরবর্তীতে ‘প্লেয়ার্স ড্রাফট’–এর মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের পছন্দের দল গঠন করবে। উক্ত সভায় খেলোয়াড়দের পারিশ্রমিক কাঠামো নিম্নরূপ নির্ধারণ করা হয়: ডিরেক্ট সাইনিং: ৪০,০০০ টাকা,প্রিমিয়ার লীগ ক্যাটাগরি: ২৫,০০০ টাকা,প্রথম বিভাগ ক্যাটাগরি: ১৫,০০০ টাকা,প্রমিজিং স্টার (দ্বিতীয় বিভাগ ও এজ লেভেল): ১০,০০০ টাকা। গতকাল টুর্নামেন্ট উপলক্ষে খেলোয়াড়দের আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিজেকেএস সদস্য সচিব সালাউদ্দিন আহমেদ। প্রেস বিজ্ঞপ্তি।











