নজরুল বর্ষ ২০২৬–২৭ উদযাপন উপলক্ষে আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার চট্টগ্রাম জেলা পর্যায়ের প্রতিযোগিতা গতকাল সোমবার জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতায় প্রাথমিক ও কিন্ডারগার্টেন স্তর এবং মাধ্যমিক ও কারিগরি বিদ্যালয় স্তরের শিক্ষার্থীরা বিভিন্ন শাখায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ী প্রতিযোগীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার, প্রতিযোগিতার বিচারকবৃন্দসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী ও দ্রোহের চেতনা এবং সাম্যবাদের বাণী আমাদের তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা কোমলমতি শিশুদের মেধা বিকাশের পাশাপাশি তাদের দেশপ্রেমিক ও সংস্কৃতিমনা নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়ার মধ্য দিয় উৎসবমুখর আয়োজনের সমাপ্তি ঘটে। প্রেস বিজ্ঞপ্তি।











